২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনিয়র ডিভিশন ফুটবলে দিপালীর বিরুদ্ধে আবাহনী ৫-৩ গোলে জয়ী

প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে রোববার শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড নবাগত দিপালী যুব সংঘকে ৫-৩ গোলে বিধ্বস্ত করে জয়ের ধারায় ফিরেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

এই জয়ের ফলে ছয় ম্যাচে আবাহনীর পয়েন্ট দাঁড়িয়েছে ১১। অন্যদিকে লিগে এখন পর্যন্ত কোন পয়েন্টের মুখ দেখতে পারেনি দিপালী যুব সংঘ।

আবাহনীর পক্ষে স্ট্রাইকার ইব্রাহিম ও ফরহাদ দু’টি করে এবং উজ্জল একটি গোল করেন। দিপালীর পক্ষে ফরিদ, জালাল ও রুবেল একটি করে গোল করেন।

আবাহনী লিমিটেড আগের তিনটি ম্যাচে আরামবাগ ও মোহামেডানের বিরুদ্ধে ড্র এবং মুক্তিযোদ্ধার বিরুদ্ধে পরাজয়ের পর এদিন দুর্বল দিপালীর বিপক্ষে গোছানো ফুটবল উপহার দেয়। পুরো ম্যাচে মাঝমাঠের নিয়ন্ত্রন ছিল আবাহনীর হাতে। তবে প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে কিছুটা খেই হারিয়ে ফেলে আবাহনী।

ম্যাচের দুই মিনিটেই দুই গোলে এগিয়ে যায় আবাহনী। বাঁ প্রান্ত থেকে উজ্জলের কর্নার করা বলে আলতো টোকা দিয়ে বল জালে জড়িয়ে দেন ইব্রাহিম (১-০)। পরের মিনিটে গ্লোসংখ্যা দুইয়ে উন্নীত করেন ফরহাদ। দিপালীর গোলরক্ষক টিটু ইব্রাহিমের শটটি ফিরিয়ে দিলেও ফরহাদের শটটি ঠেকাতে ব্যর্থ হলে দুই গোলে এগিয়ে যায় ধানমন্ডির দলটি (২-০)। ১৫ মিনিটে আবাহনীর পক্ষে তৃতীয় গোলটি করেন উজ্জল।

তিন গোলে পিছিয়ে পড়ে গাঝাড়া দিয়ে উঠার চেষ্টা করে দিপালী। উজ্জলের গোলের তিন মিনিট পরই ফরিদের আলতো টোকার বলটি আবাহনীর তরুণ গোলরক্ষক আনোয়ারুল ঠেকাতে ব্যর্থ হলে গোল পায় দিপালী (৩-১)। ২৪ মিনিটে দিপালীর নবাগত খেলোয়াড় জালাল চমৎকার প্লেসিং শটে আবার ব্যবধান কমিয়ে আনেন (৩-২)।

দ্বিতীয়ার্ধের তিন মিনিটের সময় ইব্রাহিম দৃষ্টিনন্দন একটি প্লেসিং শটে গোল করে আবার আবাহনীকে লিড এনে দেন (৪-২)। কিন্তু ৫৬ মিনিটে দিপালীর জাপানী উইংগার ইহারার পাস থেকে বল পেয়ে রুবেল আবারও ব্যবধান কমিয়ে আনেন (৪-৩)।

এরপর আবাহনীর স্ট্রাইকার ফরহাদ দলের পক্ষে শেষ ও নিজের দ্বিতীয় গোলটি করেন ৮১ মিনিটে (৫-৩)।