সিনিয়র ডিভিশন ফুটবল লিগে সোমবার মুখোমুখি হচ্ছে ব্রাদার্স-মুক্তিযোদ্ধা
প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে সোমবার আরেকটি বড় ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বিকেল পাঁচটায় ম্যাচটি শুরু হবে।
পয়েন্ট তালিকায় ফরাশগঞ্জের সাথে ব্রাদার্স ইউনিয়ন এবং মুক্তিযোদ্ধা সংসদ ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তিনটি দলই লিগে চার জয়, একটি ড্র এবং একটি পরাজয় নিয়ে এই অবস্থানে এসেছে।
মৌসুমে এটা হবে দু’দলের মধ্যে চতুর্থ সাক্ষাত। স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে প্রথম সাক্ষাতে মুক্তিযোদ্ধা সংসদ ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায়। ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে ব্রাদার্স ইউনিয়ন ১-০ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে প্রতিশোধ নেয়। এছাড়া ফেডারেশন কাপে দু’দলের মধ্যেকার গ্রুপ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
পয়েন্ট তালিকায় দ্বিতীয়স্থানে থাকলেও দু’দলের কোন দলই তাদের ছন্দে নেই। ব্রাদার্স ইউনিয়ন তাদের আগের ম্যাচে আরেক শিরোপা প্রত্যাশী মোহামেডানের সাথে গোলশুন্য ড্র করে। অন্যদিকে মুক্তিযোদ্ধা সংসদও আগের ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের সাথে গোলশুন্য ড্র করে। সুতরাং দু’দলের চতুর্থ সাক্ষাতটি পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে পরিণত হতে যাচ্ছে।
এই লড়াইয়ে মুক্তিযোদ্ধা সংসদ কিছুটা হলেও ব্যাকফুটে থাকবে, কারণ দলের দুই প্লেমেকার হাসান আল মামুন আর নাইজেরিয়ান রিক্রুট জেরিমিয়াহ সাসপেনশনের খাড়ায় পড়ে গেছেন।
এ ব্যাপারে মুক্তির কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, ‘ হাসান আর জেরিমিয়াহ’র অনুপস্থিতি দলে একটা প্রভাব ফেলবেই এবং তাদের স্থান পূরনের মত কোন খেলোয়াড় দলে নেই।’ তবে সোমবারের ম্যাচে জেরিমিয়াহ’র জায়গায় কাঞ্চন অথবা সাইফুল স্ট্রাইকার পলকে সহযোগিতা করবে আর পাপ্পু নয়তো ইকবালকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলানোর ইঙ্গিত দিয়েছেন মানিক। এতসব বাধা সত্ত্বেও ব্রাদার্সকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটি দখল করে নেয়ার ব্যাপারে আশাবাদী মানিক।
অন্যদিকে ব্রাদার্স কোচ ওয়াজেদ গাজীও মুক্তিযোদ্ধার বিপক্ষে জয় ছাড়া অন্যকিছু ভাবছেন না।
পয়েন্ট তালিকার শীর্ষস্থানটি যে তাদের চাই এবং মুক্তিযোদ্ধার সাথে খেলার জন্য দলের খেলোয়াড়রা মুখিয়ে আছে কোচ গাজীর কথাতেও তা নিশ্চিত বোঝা গেছে।
গাজী জানান, ‘ আরামবাগ ও মোহামেডানের বিরুদ্ধে আমরা গুরুত্বপূর্ন কয়েকটি পয়েন্ট হারিয়েছি। সুতরাং মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আমরা জয় ছাড়া অন্য কিছু ভাবছিনা।’
প্রবীণ এই কোচ স্বীকার করলেন মোহামেডানের বিরুদ্ধে তার দল ভালো খেলতে পারেনি। তবে মুক্তির বিরুদ্ধে একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি হবে না বলে জানিয়েছেন কোচ। শুধুমাত্র মাসুদ রানার ইনজুরি ছাড়া দলে আর কোন ইনজুরি অথবা সাসপেনশন নেই বলে জানালেন ব্রাদার্স কোচ।
