আবারও স্পন্সর জটিলতায় ওয়েস্ট ইন্ডিজ
আগামি মাসে ওয়েন্ট ইন্ডিজ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে সংকট দেখা দিয়েছে। স্পন্সর জটিলতার কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বাের্ড ১৩ জন ক্রিকেটারকে নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে। মাত্র তিনজন ক্রিকেটার সেই আমন্ত্রণে সাড়া দেন। গত জানুয়ারি মাসে অস্ট্রেলিয়া সফরের আগে ক্যারিবিয়ান ক্রিকেটাররা স্পন্সর সমস্যায় ফেলেছিল ক্যারিবীয় ক্রিকেটকে। তাছাড়া একই সমস্যার কারণে গত মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে দুর্বল দলকে দিয়ে খেলাতে বাধ্য হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কর্তপক্ষ।
বৃহস্পতিবার ক্রিকেটারদের সাথে টেলিকনফারেন্সে বসার কথা বোর্ডের। ইতোমধ্যে চুক্তি সই না করা ক্রিকেটারদের পরোক্ষভাবে জানিয়ে দেয়া হয়েছে দ্রুত সিদ্ধান্ত বদলানোর জন্য। সিদ্ধান্ত না বদলালে চুক্তিবদ্ধ তিন ক্রিকেটারের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ক্রিকেটারদের সমন্বয়ে দল গঠন করে শ্রীলঙ্কা সফরে পাঠানোর কথা চিন্তা করছে বোর্ড।
ওয়েস্ট ইন্ডিজ দল শ্রীলঙ্কা সফরে দু’টি টেস্ট এবং ত্রিদেশীয় ওয়ান ডে ম্যাচে অংশ নিবে। প্রথম টেস্ট ম্যাচ কলম্বোতে ১৪ থেকে ১৮ জুলাই পর্যন্ত এবং দ্বিতীয় টেস্ট ম্যাচ ক্যান্ডিতে ২২ থেকে ২৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এদিকে লারা ওয়ান ডে ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নেয়ার কথা বলায়, টেস্ট সিরিজের পর ত্রিদেশীয় সিরিজে তার খেলা হচ্ছে না।
