অস্ট্রেলিয়া ৫৭ রানে হারাল ইংল্যান্ডকে
ইংল্যান্ডের রিভারসাইডে ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের দিবা-রাত্রির ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৫৭ রানে পরাজিত করেছে স্বাগতিক ইংল্যান্ডকে। অস্ট্রেলিয়ার ম্যাচ জয়ের পিছনে মূল অবদান এন্ড্রু সাইমন্ডস ও ব্রেট লি’র।
অসিদের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন সাইমন্ডস এবং বল হাতে ব্রেট লি ২৭ রানে তুলে নেন দুই উইকেট। টস জিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া দলকে ব্যাটিং করতে আহবান জানায়। অস্ট্রেলিয়া ৫০ ওভারে পাঁচ উইকেটে ২৬৬ রান সংগ্রহ করে।
অসি ফাস্ট বোলার ব্রেট লি ন্যাটওয়েস্ট সিরিজে ডান কাঁধের ব্যথা নিয়েই খেলা চালিয়ে যান। ব্রেট লি ও ম্যাকগ্রার অগ্নিঝড়া বোলিয়ের মুখে ইংল্যান্ড দলে ধস নামে। এক পর্যায়ে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ছয় রানে তিন উইকেট। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইংল্যান্ডের পক্ষে শেষ উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন গফ ও স্টিভ হার্মিসন, যার ফলে ইংল্যান্ড নয় উইকেটে ২০৯ রান সংগ্রহ করতে সর্মথ হয়। ক্যারিয়ারের সর্বোচ্চ অপরাজিত ৪৬ রান করেন ড্যারেন গফ।
ইনজুরির কারণে খেলতে না পারা মাইকেল ভনের স্থলে অধিনায়কের দায়িত্ব প্রাপ্ত মারকাস ট্রেসকথিক টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে আহবান জানান। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান সাইমন্ডস ও মার্টিন চতুর্থ উইকেট জুটিতে ১৪২ রান যোগ করেন। ডেমিয়েন মার্টিন ৬৮ রান করে অপরাজিত থাকেন।
ইংল্যান্ড ওপেনার ট্রেসকথিক ও এন্ড্রু স্ট্রাসকে শুরুতে বেশ আত্মবিশ্বাসি লাগছিল এবং লি’র ওভারে তিন রানও নেন স্ট্রাস।
ট্রেসকথিক ১৫ বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই ম্যাকগ্রার বলে উইকেটকিপার এডাম গিলক্রিস্টের গ্লাভসে ধরা দেন।
৪৮ ঘন্টা আগে ওয়ান ডে ম্যাচের দ্বিতীয় ক্রিকেটার পল কলিংউড, যিনি বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট তুলে নেন। তিনি দুই বল মোকাবেলা করতেই ম্যাকগ্রার বলে শুন্য রানে আউট হয়ে যান।
ইংল্যান্ড ছয় বল খেলেই দুই রানের বিনিময়ে তিন উইকেট হারিয়ে বসে। ম্যাকগ্রা ৩১ রানের বিনিময়ে তুলে নেন দুই উইকেট।
দলের দুঃসময়ে লড়াই চালিয়ে যান এন্ড্রু ফ্লিনটফ এবং বিক্রম সোলানকি। এই জুটি ৭৯ রান যোগ করেন।
সোলানকি ৩৪ রান করার পরে হগের বল মিডউইকেট দিয়ে বল মাঠের বাইরে পাঠানোর সময় রিকি পন্টিংয়ের হাতে ধরা দেন। ফ্লিনটফকেও ফিরিয়ে দেন হগ। ফ্লিনটফ ব্যাক্তিগত ৪৪ রানের মাথায় হগের বলে গিলেস্পির হাতে ধরা দেন। ফ্লিনটফ ৬১ বলে ৪৪ রান করেন, যার মধ্যে বাউন্ডারি ছিল চারটি।
ইংল্যান্ডের নবীন তারকা ক্রিকেটার কেভিন পিটারসন ব্যক্তিগত ১৯ রানের মাথায় সাইমন্ডসের বলে আউট হন।
ইংল্যান্ডের ফাস্ট বোলার হার্মিসন অস্টেলিয়ান দলপতি রিকি পন্টিংকে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন। ফ্লিনটফ দুই উইকেট এবং ট্রেমলেট এক উইকেট তুলে নেন।
