সিনিয়র ডিভিশন ফুটবলে শেখ রাসেল-মুক্তিযোদ্ধা পয়েন্ট ভাগাভাগি
শেখ রাসেল খেলেছে পুরো দল নিয়ে আর মুক্তিযোদ্ধা খেলেছে দশ জন নিয়ে। কিন্তু তারপরও জিততে পারেনি শেখ রাসেল। জেতেনি মুক্তিযোদ্ধাও। ম্যাচটি গোলশুন্য ড্র হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল গতবারের রানার্স আপ শেখ রাসেল ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
ম্যাচ ড্র হলেও পয়েন্ট তালিকায় মুক্তিযোদ্ধার বর্তমান অবস্থানের কোন হেরফের হয়নি। এই ম্যাচসহ ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ব্রাদার্সের সাথে যৌথভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুক্তিযোদ্ধা। সমসংখ্যক ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট আট।
আগের ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে হারলেও এই ম্যাচে শেখ রাসেল কমপক্ষে পাঁচ গোলে জিততে পারত। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের স্ট্রাইকাররা যেন গোল মিসের প্রতিযোগিতায় নেমেছিলেন। একের পর এক গালের সুযোগ হারালেও শেখ রাসেল কোচ আবু ইউসুফ ফরোয়ার্ড পরিবর্তনের কথা চিন্তা করেননি। ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় রানার্স আপদের।
৭৭ মিনিটে মুক্তিযোদ্ধা যখন প্রথম আঘাত হানে তার আগ পর্যন্ত প্রায় ৭৫ মিনিট ম্যাচের নিয়ন্ত্রন শেখ রাসেলের হাতেই ছিল।
৩৫ মিনিটে হাসান আল মামুনকে রেফারী তৈয়ব হাসান লালকার্ড দেখালে দশজনের দলে পরিনত হয় মুক্তিযোদ্ধা সংসদ। কিন্তু দশজন নিয়েও ভাগ্যের জোরেই বেঁচে গেছে শিরোপা প্রত্যাশী মুক্তিযোদ্ধা। নাইজেরিয়ান সতীর্থ পলকে হলুদ কার্ড প্রদর্শনের সময় রেফারীর হাত থেকে কার্ড ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে রেফারী হাসানকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন।
ম্যাচের ছয় মিনিটেই এগিয়ে যেতে পারত শেখ রাসেল, কিন্তু মুক্তিযোদ্ধার গোলপোস্ট হতে মাত্র ছয়গজ দুর থেকেও লক্ষ্যভেদ করতে পারেননি মরোক্কান স্ট্রাইকার মাজিদ। মাজিদ কম করে হলেও ছয়টি গোলের সুযোগ হাতছাড়া করেন। ৬৮ মিনিটে মাজিদের একটি হেড মুক্তির ক্রসপিস ছুঁয়ে মাঠের বাইরে চলে গেলে হতাশ হন হাজার দুয়েক দর্শক।
৭৭ মিনিটে মুক্তিযোদ্ধা প্রথম যে আক্রমন চালায় সেটিও ব্যর্থ হয়। পাপ্পুর ক্রসে নাইজেরিয়ান স্ট্রাইকার পল শেখ রাসেলের ফাঁকা জালে বল ঠেলতে ব্যর্থ হলে ড্র ম্যাচের স্মৃতি নিয়ে ঘরে ফেরে দর্শকরা।
