সিনিয়র ডিভিশন ফুটবল লিগে ইয়ংমেন্সের প্রথম জয়
প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে প্রথম জয়ের স্বাদ নিয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার ইয়ংমেন্স ক্লাব ৪-৩ গোলে হারিয়েছে নবাগত দিপালী যুব সংঘকে।
পাঁচ ম্যাচে এটা ইয়ংমেন্সের প্রথম জয়। অন্যদিকে লিগে পাঁচ ম্যাচের সবকটিতে হেরেছে দিপালী যুব সংঘ।
১২ মিনিটে অধিনায়ক মোহাম্মদ রবিনের গোলে এগিয়ে যায় ইয়ংমেন্স। প্রতিপক্ষের বক্সের ডান প্রান্ত থেকে আব্দুল বাতেনের কাছ থেকে পাওয়া পাসে চমৎকার হেডে গোল করেন রবিন। ৫৩ মিনিটে দলের তৃতীয় গোলটিও করেন রবিন।
একমিনিট পরই বাতেন ইয়ংমেন্সের গোলসংখ্যা দ্বিগুন করেন। এবারও ডান প্রান্ত থেকে বাতেনের নেয়া শটটি দিপালীর ডিফেন্ডার শাহিন শেখের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। ২৮ মিনিটে দিপালীর নাইজেরিয়ান রিক্রুট ইদ্রিস মুতুবি ইয়ংমেন্সের আরিফকে কাটিয়ে বাঁকানো শটে গোল করে ব্যবধান কমান।
দিপালীর মোহাম্মদ ফরিদ আহমেদ ৫৯ মিনিটে এবং ৬৩ মিনিটে বদলী খেলোয়াড় শেখ আব্দুল্লাহ আরও দু’টি গোল করেন। ৮৩ মিনিটে ইয়ংমেন্সের ইসমাইল হোসেন জয়সূচক গোলটি করেন।
