২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিচেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হেইডেনের সেঞ্চুরি

অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথিউ হেইডেন কাউন্টি লিগের দল লিচেস্টারশায়ারের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন। গ্রেস রোডে ওই ম্যাচে ছন্দে ফিরেছেন এন্ড্রু সাইমন ও ডেমিয়েন মার্টিন। অস্ট্রেলিয়া লিচেস্টারশায়ারকে ৯৫ রানে পরাজিত করে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 10:25 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

জয় ও খেলোয়াড়দের ফর্মে ফেরাটা অস্টেলিয়ার জন্য বিশেষ প্রয়োজন ছিল কারণ ১৩ জুন সাউথহ্যামটনে অস্ট্রেলিয়া টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ডের।

হেইডেন ৯৬ বল মোকাবেলা করে ১০৭ রান করেন। সাইমন মাত্র ৫৯ বল মোকাবেলা করে ৯২ রানে অপরাজিত থাকেন। হেইডেন, সাইমন ও মার্টিনের বিধ্বংসী ব্যাটিংয়ে সফরকারী অস্ট্রেলিয়া ৫০ ওভারে চার উইকেটে ৩২১ রান সংগ্রহ করে।

মার্টিন বলেন, “আমরা ন্যাটওয়েস্ট ত্রি-দেশীয় ওয়ান ডে সিরিজে ভাল খেলতে চাই। আমরা বিশ্বের এক নম্বর দল এবং আমরা তা বজায় রাখতে চাই।”

“সবাই অ্যাশলে সিরিজ নিয়ে আলোচনা করছে। কিন্তু এখন ওয়ান ডে সিরিজ খেলা হবে যার প্রতি আমাদের মূল দৃষ্টি দেয়া দরকার। আমরা আসলেই ওয়ান ডে সিরিজের প্রতিটি ম্যাচে ভাল করতে চাই।”

শনিবার অস্ট্রেলিয়ার বিশাল স্কোর তাড়া করতে গিয়ে লিচেস্টারশায়ার ৫০ ওভারে আট উইকেটে ২২৬ রান তোলে। ব্রেট লী ও গ্লেন ম্যাকগ্রার অগ্নিঝড়া বোলিংয়ের মুখে কিছুটা ধীর গতিতে ব্যাটিং করতে থাকেন লিচেস্টারশায়ার দলের ওপেনার টমি নিউ ও ডেরেন মার্ডি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

লিচেস্টারশায়ারের ম্যাচ জয়ের আশা দিবা স্বপ্নের মতই উবে যায় যখন ব্রাড হর্গ তিন উইকেট তুলে নেন।

এক পর্যায়ে লিচেস্টারশায়ার ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১২০ রান।

লিচেস্টারশায়ারের ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিয়ান ওটিস গিভসন হাফ-সেঞ্চুরি এবং পল নিক্সন ৪৩ রান করেন।