লিটনের হ্যাটট্রিকে ভর করে ব্রাদার্সের বড় জয়
প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন রেজাউল করিম লিটন আর ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়লো ব্রাদার্স ইউনিয়ন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার নিজেদের চতুর্থ ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে হারায় চ্যাম্পিয়নরা।
একতরফা ম্যাচে লিটন ছাড়াও ব্রাদার্সের পক্ষে বাকি দু’টি গোল করেন রাশিয়ান স্ট্রাইকার এডোয়ার্ড ও লেফট উইংগার পারভেজ বাবু।
এই জয় ব্রাদার্সকে পয়েন্ট টেবিলের শীর্ষে নিয়ে গেল। চার ম্যাচে তাদের পয়েন্ট ১২। এক ম্যাচ কম খেলে নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
বিপরীতে ঢাকা ওয়ান্ডারার্স আগের ম্যাচে শেখ রাসেলের পয়েন্টে ভাগ বসালেও ব্রাদার্সের বিরুদ্ধে দুর্বল পারফরম্যান্স প্রদর্শন করে। চার ম্যাচে তাদের পয়েন্ট মাত্র এক। তবে ওয়ান্ডারার্সের ফাঁকা বারে লিটন দু’বার বল পাঠাতে ব্যর্থ হলে এবং এডোয়ার্ডের একটি শট ক্রসপিসে লেগে ফিরে গেলে ব্রাদার্সের জয়ের ব্যবধান আর বড় হতে পারেনি।
৪০ মিনিটে লিটনের একটি দৃষ্টিনন্দন প্লেসিং শটে প্রথম গোল পায় গোপীবাগের দলটি (১-০)। বিরতির পর লিটন আরেকটি বাঁকানো প্লেসিং শটে দলের পক্ষে দ্বিতীয় যে গোলটি করেন সেটি ওয়ান্ডারার্সের গোলরক্ষক সোহেলকে নড়াচড়ারই কোন সুযোগ দেয়নি (২-০)। তিন মিনিট পর ব্রাদার্সের এডোয়ার্ড ওয়ান্ডারার্সের ফাঁকা জালে পাঠানোর মুহুর্তে গোলরক্ষক সোহেল তাকে পেছন থেকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারী তায়েব হাসান। লিটন পেনাল্টি থেকে গোল করে তার হ্যাটট্রিক পূরন করেন (৩-০)। এই গোলের সুবাদে লিটন লিগে এককভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে বসে যান।
৮২ মিনিটে ওয়ান্ডারার্সের ইয়াকুব ও বদলী গোলরক্ষক নাদিমকে কাটিয়ে চতুর্থ গোলটি করেন এডোয়ার্ড (৪-০)। ম্যাচের শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগে দলের পক্ষে শেষ গোলটি করেন পারভেজ বাবু (৫-০)।
হলুদ কার্ড : শুভ্র (ব্রাদার্স), ইয়াকুব (ওয়ান্ডারার্স)।
ব্রাদার্স ইউনিয়ন : তারেক, সুজন, জুয়েল রানা, শুভ্র, সিরাজী, পারভেজ বাবু, আবুল (রিক্ত), লিটন, হিশাম ইনানী (প্রাণতোষ), এডোয়ার্ড ও খোকন (এমিলি)।
ঢাকা ওয়ান্ডারার্স : সোহেল (নাদিম), নারায়ণ, জাহাঙ্গীর, জামাল, গোবিন্দ (দেলোয়ার), ইয়াকুব, নুরুল, আশরাফুল, জালাল, মিলন ও আমিনুল।
