পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ন্যাটওয়েস্ট ওয়ান ডে সিরিজের আগে বাংলাদেশ দল নিজেদের প্রস্তুতি ম্যাচে কাউন্টি ক্রিকেটের দ্বিতীয় সারির দল ডার্বিশায়ারের কাছে ছয় উইকেটে পরাজিত হয়েছে।
ইংল্যান্ড সফরে ইতোমধ্যেই বাংলাদেশকে মাইকেল ভনের বাহিনী টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে। দিবা-রাত্রির ম্যাচে বাংলাদেশ দল ৪৬ দশমিক ১ ওভার ব্যাটিং করে ১৮৯ রান সংগ্রহ করে। জবাবে ১১ দশমিক ৫ ওভার বাকি থাকতেই ডার্বিশায়ার দল ম্যাচ জিতে নেয়। বৃহস্পতিবার ওভাল-এর মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ আর মাত্র একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওরচেস্টারশায়ার দলের বিরুদ্ধে।
বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার ও তুষার ইমরান চতুর্থ উইকেট জুটিতে ৮০ রান স্কোরে যোগ করেন। এই জুটির দৃঢ়তায় বাংলাদেশ লো স্কোর করা থেকে বেঁচে যায়। তবে ম্যাচে কখনই তাদের স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে দেখা যায়নি।
ব্যাটিং করতে নেমে ডার্বিশায়ার দলের ওপেনার স্টিভ স্টাবিংস দ্রত রান সংগ্রহ করতে থাকেন। তিনি ৪৩ বল মোকাবেলা করে ৪৫ রান করেন। তবে জন মস ও ডার্বিশায়ারের দলপতি লুক শাটন ১০৬ রানের পার্টনারশিপ গড়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
ম্যাচে সর্বোচ্চ ৭২ রান করেন ডার্বিশায়ার দলের ক্রিকেটার জন মস। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
নাটকীয়ভাবে বাংলাদেশ দলের ইনিংস শুরু হয়। ওপেনার নাফিজ ইকবাল কোনও বল মোকাবেলা করার আগেই রান আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরে যান।
এক পর্যায়ে বাংলাদেশ দলের স্কোর দাঁড়ায় তিন উইকেটের বিনিময়ে ১৯ রান।
তবে দুভার্গ্যজনকভাবে তুষার ইমরান ব্যক্তিগত ৪০ রানের মাথায় রান আউটের শিকার হন এবং হাবিবুল বাশার এক রানের জন্য হাফ-সেঞ্চুরির দেখা পাননি। বাশারকে আউট করেন নাইক ওয়ালকার।
এরপর খালেদ মাসুদ ব্যক্তিগত এক ও আফতাব আহমেদ ব্যক্তিগত ২৬ রানের মাথায় আবারও নাইক ওয়ালকারের শিকারে পরিণত হন।
মোহাম্মদ রফিক ৩৬ রান করেন। কিন্তু তার পরেও বাংলাদেশের ইনিংস ৪৭তম ওভারে থেমে যায়।
ডার্বিশায়ারের শুরুটাও ভাল হয়নি। ওপেনার ওয়ালকার ব্যক্তিগত পাঁচ রানের মাথায় রান আউটের শিকার হন। তবে দলকে তীরে ভেড়াতে ডার্বিশায়ার দলের ব্যাটসম্যানদের কোন সমস্যাই হয়নি। স্টাডিং, মস ও শাটন ডার্বিশায়ার দলকে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে দেননি।
মস ৯৪ বল মোকাবেলা করে ৭২ রান করেন এবং তাকে আউট করেন মাশরাফি মুর্তজা।
শাটন ৪২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন।
