পিসিবি-র সাথে নতুন করে চুক্তিবদ্ধ হলেন পকিস্তানের জাতীয় দলের ক্রিকেটাররা
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আগামী এক বছরের জন্য ১৭ জন জাতীয় ক্রিকেটার নতুন করে চুক্তিবদ্ধ হয়েছে।
গত বছর প্রথমবারের মত ১৭ জন খেলোয়াড়কে চুক্তি বদ্ধ করা হয়। চুক্তি অনুযায়ি প্রত্যেক খেলোয়াড় মাসিক ১,২০০ থেকে ৩,৫০০ ডলার পাবেন। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের মধ্য দিয়ে এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।
তবে শারীরিকভাবে আন-ফিট সকল ক্রিকেটার কিংবা বেলিং অ্যাকশন নিয়ে যাদের ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা চলছে তাদের বিষয়টি ছয় মাস পর পুনর্বিবেচনা করা হবে।
শোয়েব আখতার, যিনি ফিটনেস সমস্যার কারণে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সফরে অংশ নিতে পারেননি তাকে পুনরায় চুক্তিবদ্ধ করা হয়েছে।
শোয়েব আখতার হলেন চুক্তিবদ্ধ শেষ ক্রিকেটার। তার ব্যক্তিগত স্পন্সরশিপ নিয়ে বোর্ডের সাথে বিরোধ দেখা দিয়েছিল।
ইনজামাম উল হক, ইউসুফ ইয়োহানা, আব্দুল রাজ্জাক এবং শোয়েব আখতারের সাথে ‘এ’ ক্যাটাগরির চুক্তি করা হয়েছে এবং তারা মাসিক ২০০,০০০ রুপি পাবেন। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১২৫,০০০ রুপি এবং ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ৭৫,০০০ রুপি পাবেন।
ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে ভাল পারফরমেন্সের ভিত্তিতে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের পয়েন্ট দেয়া হবে বলে জানা যায়।
একজন বোলার টেস্ট ম্যাচে পাঁচটি উইকেট কিংবা ওয়ান ডে ম্যাচে চারটি উইকেট তুলে নিলে তিনি পাঁচ পয়েন্ট পাবেন। একইভাবে একজন ফিল্ডার একটি ম্যাচে চারটি বা তারও অধিক ক্যাচ ধরতে পারলে পাঁচ পয়েন্ট পাবেন।
১০ জুন থেকে এ চুক্তির মেয়াদ কার্যকরি হয়েছে।
