২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসিদের ইংল্যান্ড সফর: প্রস্তুতি ম্যাচে আট উইকেটে জয়

ইংল্যান্ড সফরের শুরুতেই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচে পিসিএ মাস্টারস দলের বিরুদ্ধে আট উইকেটের জয় পেয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 10:22 AM

Updated : 26 Apr 2022, 05:45 PM

অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লী নাটকীয়ভাবে বোলিং শুরু করেন। তিনি নটিংহেমশায়ার ও নিউজিল্যান্ডের অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে প্রথম বলে স্লিপে দাঁড়ানো রিকি পন্টিংয়ের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন।

কেভিন পিটারসন পাঁচ বল মোকাবেলা করে ব্যক্তিগত ছয় রান তুলে ক্লার্কের বলে উইকেটরক্ষক গিলক্রিস্টের হাতে ধরা দেন। তবে ডেরেন মাডি ৭০ রানে অপরাজিত থাকেন। ফলে পিসিএ মাস্টারস দল ছয় উইকেটে ১৬৭ রানের স্কোর গড়তে সমর্থ হয়।

এডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেইডেনের বিধ্বংসী ব্যাটিংয়ের কাছে হার মানে পিসিএ মাস্টারস দল। এই ওপেনিং জুটি ১৩১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বিগ হিটার হেইডেন নির্দয়ভাবে পেটান অভিজ্ঞ বোলার ক্রিস লুইস এবং ডোভেন মেলকমকে। হেইডেন পাঁচ ওভারে ৫৫ রান করেন।

বামহাতী ওপেনার হেইডেন পিসিএ মাস্টারস দলের বোলার শান উদালের ওভারে ছক্কা মেরে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন এবং এর পরের বলেও তিনি বাউন্ডারি হাঁকান।

তবে গিলক্রিস ছন্দ ফিরে পেতে সময় নেন। তিনি ৪৫ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।

অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং ২২ বলে ৩১ রান করেন এবং মার্টিন দুই বল মোকাবেলা করে এক রান তুললে নির্ধারিত টার্গেট অতিক্রম করে অস্ট্রেলিয়া।

পিটারসন বামহাতী স্পিনার মাইকেল ক্লার্কের বল উঁচু করে মারলে তা ব্যাটের কানায় লেগে বাতাসে ঘুরতে ঘুরতে উইকেটরক্ষক গিলক্রিস্টের হাতে ধরা দেয়।

ম্যাকগ্রা ও লী উভয়ে একটি করে উইকেট তুলে নেন এবং ক্লার্ক তিন উইকেট পান।