সিনিয়র ডিভিশন ফুটবলে শুক্রবার মোহামেডান-মুক্তিযোদ্ধা হাই ভোল্টেজ ম্যাচ
এবারের প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগের পথ পরিক্রমায় শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম হাই ভোল্টেজ ম্যাচ। দেশের দুই ফুটবল পরাশক্তি মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার লড়াইয়ে নামবে।
দুই দলই লিগে নিজেদের অপরাজিত থাকার রেকর্ডটিকে ধরে রাখতে নিজেদের ঘষামাজা করে নিচ্ছে। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব মৌসুমের প্রথম দু’টি টুর্নামেন্ট-স্বাধীনতা দিবস ফুটবল ও ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনাল থেকে দুর্ভাগ্যজনকভাবে বাদ পড়লেও নতুন কোচ কাজী জসিমউদ্দিন জোসির তত্ত্বাবধানে ভালোভাবেই লিগ দৌড়ে ফিরে এসেছে। লিগে দু’টি দুর্বল দলের বিরুদ্ধে বড় জয়ের মাধ্যমে ছন্দে ফিরেছে সাদাকালো শিবির।
অন্যদিকে মুক্তিযোদ্ধা সংসদ স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে মোহামেডানকে সেমিফাইনাল থেকে বিদায় করে দিলেও লিগে নিজেদের প্রথম দু’টি লড়াইয়ে ঢাকা ওয়ান্ডারার্স ও আরামবাগ ক্রীড়া চক্রের বিরুদ্ধে খেলায় নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে শুক্রবারের ম্যাচে মুক্তিযোদ্ধার জন্য শক্তি যোগাবে মোহামেডানের বিরুদ্ধে তাদের অতীত ফলাফল।
মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, এ মৌসুমে আমরা মোহাডোনকে দুই বার হারিয়েছি। শুক্রবার আরেকবার তাদের হারিয়ে জয়ের ধারাটা ধরে রাখতে চাই। দলের খেলোয়াড়রা ভালো খেলতে এবং প্রথম থেকেই প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করবে বলে বিশ্বাস করেন মানিক।
যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মোহামেডানের বিরুদ্ধেই অভিষেক হতে পারে মুক্তির নতুন নাইজেরিয়ান রিক্রুট জেরিমিয়াহ’র, এমনটাই ইঙ্গিত দিলেন মানিক। মানিক জানান, মিডফিল্ডার আরমান মিয়া ও অধিনায়ক গোলরক্ষক আমিনুল কিছু ছোটখাট সমস্যায় ভুগলেও শুক্রবারের ম্যাচে তাদের খেলার ব্যাপারে কোন সংশয় নেই।
অন্যদিকে মোহামেডানের কোচ জোসি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ম্যাচের ব্যাপারে অন্য ছক কষছেন। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এর আগে কয়েকটি ম্যাচে হারলেও লিগে তার দলের খেলোয়াড়রা যোগ্যতা প্রমান করতে পেরেছে বলে মনে করেন জোসি।
শুক্রবারের ম্যাচের জন্য মোহামেডানের কোচ দু’ধরনের পরিকল্পনা গ্রহন করেছেন। জোসি বলেন, সিয়েরা লিয়নের স্ট্রাইকার ডোনাল্ড ও মরোক্কান মিডফিল্ডার মোহাম্মদকে দলে পাওয়া গেলে একধরনের আর না পাওয়া গেলে অন্যধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামবে মোহামেডান।
মোহামেডান কোচ বলেন, আমি মনে করি প্রতিপক্ষকে হারানোর মত ক্ষমতা মোহামেডানের রয়েছে, কারণ শেষ দু’টি ম্যাচে দল ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছে। তবে কোচ জোসি মনে করেন যদি স্ট্রাইকার আলফাজ তার স্বাভাবিক খেলা খেলতে পারেন তাহলে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে জয় পাওয়া সম্ভব।
এক প্রশ্নের জবাবে জোসি জানান, দলের ডিফেন্স লাইনে কিছুটা দুর্বলতা রয়েছে আর এই কারণেই দুর্বল দু’টি দলের বিরুদ্ধে জয় পাওয়া সত্ত্বেও তাদের গোল হজম করতে হয়েছে।
এই দুর্বলতার ব্যাপারে তিনি বিডিনিউজকে বলেন, আগের ম্যাচগুলোতে কোন ডিফেন্ডারই সেন্ট্রাল ডিফেন্স পজিশনে খেলতে পারেনি, সুতরাং এই পজিশনেই মূল দুর্বলতাটা রয়েছে। এই দুর্বলতা দুর করার জন্য তিনি ইতিমধ্যে কর্তৃপক্ষকে বিদেশি খেলোয়াড় আনার জন্য বলেছেন বলে জানালেন জোসি।
তবে মোহামেডান সমর্থকদের জন্য একটা খারাপ খবরও দিয়েছেন কোচ, আর তা হলো দলের উইংগার ওয়ালী ফয়সাল, স্ট্রাইকার মঞ্জু, ডিফেন্ডার পাপেল ও বিপ্লব ইনজুরিতে থাকায় শুক্রবারের ম্যাচে তাদের সার্ভিস থেকে বঞ্চিত হবে দল।
