২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দিপালীকে হারালো ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব

প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে বুধবার দুই নবাগত দল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও দিপালী যুব সংঘের মধ্যেকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারিয়েছে দিপালী যুব সংঘকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 08:33 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

বিজয়ী ফরাশগঞ্জেল পক্ষে ফেলিক্স দু’টি এবং দিপালীর পক্ষে জালালউদ্দিন একটি গোল করেন। লিগে এটা ফরাশগঞ্জের তিন ম্যাচে দ্বিতীয় জয়। অন্যদিকে দিপালী তাদের তিন ম্যাচেই পরাজিত হয়েছে।

দু’টি দলই তিনজন করে বিদেশী খেলোয়াড় নিয়ে মাঠে নামলেও ফরাশগঞ্জ তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম হয়। নিজেদের প্রথম খেলায় ফরাশগঞ্জ লিগ রানার আপ শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে আপসেট ঘটিয়েছিল। এই ম্যাচেও বলের উপর নিজেদের নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করতে পেরেছে তারা।

দিপালী যুব সংঘ শেষ ২০ মিনিট হাড্ডাহাড্ডি লড়াই করে কিছু সুযোগ তৈরী করতে পারলেও ভাগ্য তাদের সহায় ছিল না।

১৬ মিনিটে নাইজেরিয়ান ফেলিক্সের গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। স্বদেশী আদাফের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের প্লেসিং শটে গোল করেন ফেলিক্স (১-০)। ৩২ মিনিটে সেই ফেলিক্সের গোলেই আবার এগিয়ে যায় ফরাশগঞ্জ। এবার দিপালীর ডিফেন্ডার তারেককে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন এই নাইজেরিয়ান (২-০)।

পাঁচ মিনিট পরই খেলায় সমতা ফেরান দিপালী যুব সংঘের জালালউদ্দিন। বাঁ প্রান্তের কর্নার ফ্লাগ থেকে তারেকের একটি শট ফরাশগঞ্জের ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে জালাল বল জালে পাঠাতে ভুল করেননি (২-১)।

দিপালী আরও বড় ব্যবধানে হারতে পারত, তবে গোলরক্ষক টিটুর দৃঢ়তার কারনে তা সম্ভব হয়নি। ৫৩ মিনিটে আদাফের একটি শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন টিটু।

ম্যাচে ফরামগঞ্জের অরুপ, সিলা এবং দিপালীর ফরিদ ও জালালকে রেফারী হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন।