২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনিয়র ডিভিশন ফুটবলে পয়েন্ট খোয়ালো শেখ রাসেল ক্রীড়া চক্র

প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে পয়েন্ট খুইয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব থামিয়ে দিয়েছে শেখ রাসেলের জয়যাত্রা। দু’দলের লড়াইটি ১-১ গোলে ড্র হয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 09:04 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

শেখ রাসেলের পক্ষে রশিদি এবং ওয়ান্ডারার্সের পক্ষে আমিনুল গোল করেন।

আগের ম্যাচে ইয়ংমেন্সকে ১০ গোলে হারিয়ে প্রিমিয়ার ফুটবলে নতুন রেকর্ড সৃষ্টি করা শেখ রাসেল ক্রীড়া চক্র এদিন মাঠে উপস্থিত শ’খানেক দর্শকের মন ভরাতে পারেনি। এছাড়া তাদের ফরোয়ার্ডরা ব্যক্তিগত পারফরম্যান্সতো দুরের কথা কার্যকর কোন আক্রমনও গড়ে তুলতে পারেনি। শেষ মুহুর্তে মরোক্কান রিক্রুট ইগির আক্রমন চালালেও তাতে শেখ রাসেল ড্র ঠেকাতে পারেনি।

শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষে আগের ম্যাচে হ্যাটট্রিক করা ইউসুফকে সাইড লাইনে বসিয়ে রেখে কোচ আবু ইউসুফ স্ট্রাইকার বুলবুলকে মাঠে নামান। কিন্তু বুলবুলও শেখ রাসেলকে জয়ের মুখ দেখাতে ব্যর্থ হয়েছেন।

অন্যদিকে ওয়ান্ডারার্সের গোলরক্ষক সাব্বির, ডিফেন্ডার গোবিন্দ, নারায়ণ আর মোস্তাফিজুর শেখ রাসেলের আক্রমনগুলো ঠেকিয়ে দিয়ে ম্যাচের হিরোতে পরিনত হয়েছেন।

প্রথমার্ধের চার মিনিটের মধ্যেই রশিদির একটি অপ্রত্যাশিত গোলে এগিয়ে যায় শেখ রাসেল ক্রীড়া চক্র। রশিদি ওয়ান্ডারার্সের গোলমুখে বল ফেললে গোলরক্ষক সাব্বিরের হাতে লেগে তা জালে জড়িয়ে যায় (১-০)।

২৭ মিনিটে ডান দিক থেকে মিলনের ক্রসে মাথা ছুঁয়ে গোল করে সমতা ফেরান আমিনুল (১-১)।

দ্বিতীয়ার্ধে প্রচন্ড চাপ সৃষ্টি করে খেলে শেখ রাসেল। এসময় কয়েকটি ভালো আক্রমন হলেও একটিও সফলতার মুখ দেখেনি। এরমধ্যে ৬২ মিনিটে রশিদির একটি তীব্র শট ওয়ান্ডারার্সের গোল পোষ্টে লেগে ফিরে আসে। এছাড়া ৮২ মিনিটে ইগিরের একটি হেড গোলরক্ষক সাব্বির কর্নারের বিনিময়ে রক্ষা করেন।