২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনিয়র ডিভিশন ফুটবলে পিছিয়ে পড়েও আরামবাগের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জয়

প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে রোববার মুক্তিযোদ্ধা সংসদ তাদের দ্বিতীয় ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের বিরুদ্ধে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-৩ গোলের এক চমকপ্রদ জয় পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রীড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

মুক্তিযোদ্ধার পক্ষে পল দু’টি, কাঞ্চন ও বিদ্যুৎ একটি করে গোল করেন। অন্যদিকে আরামবাগের হয়ে ডমিনিক দু’টি ও রিতু একটি গোল করেন।

শিরোপা প্রত্যাশী মুক্তিযোদ্ধা সংসদ প্রথমার্ধে সহজেই ৩-১ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে বৃষ্টিভেজা মাঠে আরামবাগের প্রবল প্রতিরোধের মুখে পড়ে। ১২ মিনিটে আরামবাগ গোল করে এগিয়ে গেলে মনে হয়েছিল ম্যাচটি একপেশে হবে। কিন্তু এরপরই মুক্তিযোদ্ধা গা ঝাড়া দিয়ে উঠে আর প্রথমার্ধেই তিনটি গোল আদায় করে নেয়। মুক্তির চতুর্থ গোলটি আসে দ্বিতীয়ার্ধের তিন মিনিটের সময়।

তবে আরামবাগ পরপর দু’টি পেনাল্টি গোল করে ব্যবধান কমাতে সক্ষম হলেও জায়ান্ট মুক্তিযোদ্ধার জয়রথ ঠেকাতে পারেনি। বিশেষ করে ম্যাচের শেষ আধঘন্টা আরামবাগের আক্রমন ঠেকাতেই ব্যস্ত থাকতে দেখা গেছে মুক্তিযোদ্ধার ডিফেন্ডারদের। এসময় মুক্তির চার খেলোয়াড় হলুদ কার্ডের চেহারা দেখেন।

১২ মিনিটে অভিজ্ঞ রিতু প্রথম আরামবাগকে এগিয়ে দেন। ডান দিক থেকে মোরশেদের মাপা ক্রস করা বলে চমৎকার সাইড ভলির মাধ্যমে বল মুক্তিযোদ্ধার জালে জড়ান রিতু (১-০)। তবে আরামবাগের এই খুশি বেশিক্ষন স্থায়ী হতে দেননি মুক্তির কাঞ্চন। ১৯ মিনিটে বাঁ দিক থেকে হাসান আল মামুনের একটি ক্রস করা বলে দৃষ্টিনন্দনভাবে মাথা ছুঁয়ে সমতা ফেরান কাঞ্চন (১-১)।

৩৩ মিনিটে বিদ্যুৎ আরেকটি হেডের সাহায্যে গোল করে মুক্তিযোদ্ধার গোলসংখ্যা বাড়ান (২-১)। ৩৭ মিনিটে আরমানের সহযোগিতায় গোল করে মুক্তিযোদ্ধার স্কোর লাইন ৩-১ এ নিয়ে যান পল। পরে আরেকটি প্লেসিং শটে নিজের আর দলের পক্ষে চতুর্থ গোলটি করেন পল (৪-১)।

পিছিয়ে পড়ে খোঁচা খাওয়া বাঘের মত ফুঁসে উঠে আরামবাগ। আরামাবাগের একের পর এক আক্রমন মুক্তিযোদ্ধার গোলসীমায় আছড়ে পড়তে থাকে। এরমধ্য থেকেই দু’টি গোল আদায় করে নেয় অফিস পাড়ার দলটি। পরাজয়ের আতংক ছড়িয়ে পড়ে মুক্তিযোদ্ধা শিবিরে।

আরামবাগের পরের দু’টি গোলই আসে পেনাল্টি থেকে। ৫১ মিনিটে মোরশেদের একটি ক্রস বক্সের ভেতর মুক্তিযোদ্ধার ডিফেন্ডার হ্যারির হাতে লাগলে রেফারী পেনাল্টি দিতে দ্বিধা করেননি (৪-২)।

ম্যাচের শেষ বাঁশি বাজার ছয় মিনিট আগে মুক্তিযোদ্ধার রজনী নিজেদের সীমানায় মোরশেদকে অবৈধভাবে বাধা দিলে আবার পেনাল্টি থেকে ব্যবধান কমান আরামবাগের ডমিনিক (৪-৩)। কিন্তু জয়টা থেকে যায় মুক্তিযোদ্ধা সংসদের ভান্ডারেই।