ডারহাম টেস্টে ইনিংস এবং ২৭ রানে পরাজিত বাংলাদেশ
ডারহাম টেস্টে ইনিংস এবং ২৭ রানে পরাজিত হয়ে ইংল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। টাইগারদের জন্য সান্ত¡না এই যে, খেলা তৃতীয় দিনে গড়িয়েছে।
এর আগে প্রথম ইনিংসে ব্যাটিং দুঃস্বপ্নের পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে টাইগাররা। এর নেতৃত্ব দেন প্রথমে ওপেনার জাভেদ ওমর আর নাফিস ইকবাল।
তৃতীয় দিনে ২৯৭ রান নিয়ে আফতাব আহেমদ এবং তাপস বৈশ্য ব্যাটিং শুরু করে। সবার আশা ছিল বাংলাদেশ অন্তত ১ রানের জন্য হলেও ইংল্যান্ডকে মাঠে নামাতে পারবে। কিন্তু ৩য় দিনে ব্যাট করতে এসে ১৬ মিনিটেই শেষ হয়ে টাইগারদের ইনিংস। ৩য় দিনে ১৪ রান যোগ করার পর হগার্ডের বলে তাপস বৈশ্য জোনসের হাতে তালুবন্দি হন। এর কিছুক্ষন পরেই শেষ ব্যাটসম্যান মাশরাফি মর্তুজা আউট হন। তবে শেষ পর্যন্ত ৮২ রানে অপরাজিত থেকে যান আফতাব। ইংল্যন্ডের হগার্ড ৫ টি, ফ্লিনটফ ৩ টি এবং হার্মিসন ও বেটি ১ টি করে উইকেট লাভ করেন।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩১৬ রানে। ইনিংস এবং ২৭ রানে পরাজয় ঘটে সফরকারীদের। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ১০৪ রানে। ইংল্যান্ড ৪৪৭ রান করে প্রথম ইনিংস ঘোষনা করে।
দ্বিতীয় দিন দুই ওপেনার, জাভেদ ও নফিস অনেকটা ওয়ানডে স্টাইলে পিটিয়ে ১১ দশমিক ৩ ওভারে ৫০ রান তুলে নেন। এরপরই জাভেদকে একা করে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন নাফিস। ১৫ রান করে ফ্লিনটফের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ তুলে দেন তিনি।
জুটি ভেঙ্গে গেলেও রাজিন সালেহকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যান জাভেদ। কিন্তু রাজিনও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ২১তম ওভারে মাত্র সাত রান করে সেই ফ্লিটফের শিকারে পরিনত হন তিনি। তবে এবার রাজিনের ক্যাচটি লুফেছেন স্ট্রস।
তৃতীয় উইকেট জুটিতে লিটল মাষ্টার মোহাম্মদ আশরাফুলকে সাথে নিয়ে দলীয় রানকে ১০১ পর্যন্ত নিয়ে যান জাভেদ। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন আশরাফুল। প্রথম ইনিংসে তিন রানের পর এবার ১২ রান করে বেটির বলে ক্যাচ তুলে দিয়ে ফিরে আসেন তিনি।
এরপর স্বল্প ব্যবধানেও ফিরে যান লড়াকু জাভেদ ওমর। তবে যাওয়ার আগে ৭১ রানের একটি মান বাঁচানো ইনিংস উপহার দিয়ে যান। জাভেদের এই ছোট অথচ কার্যকরী ইনিংসে চারের মার রয়েছে ১১টি।
এরপরের ইতিহাস অধিনায়ক বাশার আর উইকেট রক্ষক খালেদ মাসুদের লড়াইয়ের। বিপদের সময় মাসুদের ব্যাট যে চওড়া হয়ে উঠে এটা সবারই জানা। অন্যদিকে বাশার যেন নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার লড়াইয়ে মেতেছিলেন। হাতে যতরকম স্ট্রোক আছে সবগুলোই দেখিয়েছেন বাশার তার ৬৩ রানের ইনিংসে। দলকে ১৯৫ রানে রেখে ফ্লিনটফের বলে এলবিডব্লিউ হন বাশার। জাভেদের মত বাশারও ১১টি চার হাঁকান।
এবার খালেদের সাথে জুটি বাঁধেন আফতাব। এই দুই জনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ম্যাচটাকে তারা অনেকদুর নিয়ে যাবেন। কিন্তু ঠিক সেই সময়ই খালেদের ধৈর্যচ্যুতি ঘটল। ২৫ রানের একটি লড়াকু ইনিংস খেলে দলীয় ২৩৫ রানে হগার্ডের বলে এলবিডব্লিউ হন খালেদ মাসুদ।
অন্যদিকে আফতাব তখন রুদ্রমুর্তি ধারন করতে শুরু করেছেন। মোহাম্মদ রফিক আর আনোয়ার হোসেনও অল্প সংগ্রহে ফিরে যান। ফ্লিনটফকে হুকের মাধ্যমে ছক্কা মেরে নিজের অর্ধশতক পূরণ করেন আফতাব।
আম্পায়াররা যখন দ্বিতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন স্কোর বোর্ডে তখন বাংলাদেশের আট উইকেটে ২৯৬। আফতাব ৬৭ ও পেসার তাপস বৈশ্য ১৮ রান নিয়ে প্যাভিলিয়নে ফেরেন।
বাংলাদেশকে নিয়ে সমর্থকদের আশা ছিল অন্তত তারা ইংল্যান্ডকে আরেকবার ব্যাট করতে মাঠে নামাতে পারবেন। কিন্তু মাত্র ১৬ মিনিটেই ইনিংস শেষ করার পর সে আশায় গুড়েবালি।
তবে দ্বিতীয় ইনিংসে নিজেদের ব্যাটিং সামর্থ কিছুটা হলেও দেখাতে পেরেছে বাংলাদেশের ব্যাটসম্যনিরা। এই ব্যাটিং ওয়ানডে সিরিজের আগে দলের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে সন্দেহ নেই।
