দ্বিতীয় টেস্টেও লারার সেঞ্চুরি, উইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ২৭৫
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং সুপাটস্টার প্রিন্স অফ ত্রিনিদাদ ব্রায়ান লারা সফরকারী পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন। এটি তার ৩০তম টেস্ট সেঞ্চুরি।
৩৭ বছর বয়সি লারা ১২৫ রান করে অপরাজিত আছেন এবং তার সেঞ্চুরির উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় চার উইকেট ২৭৫ রান। পাকিস্তান প্রথম ইনিংসে করেছিল ৩৭৪ রান। কিংস্টনের ওই ম্যাচে লারার চমৎকার ব্যাটিং উপভোগ করেন সাবেক মিস ইউনিভার্স উইন্ডি ফিট্জউইলিয়াম এবং সাবেক ওয়ার্ল্ড হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ান লিনক্স লুইস।
ওয়েস্ট ইন্ডিজের দলপতি শিবনারায়ণ চন্দরপল দিনের শেষ ওভারে আউট হন। তিনি লারার সাথে চতুর্থ উইকেট জুটিতে ৭০ রান যোগ করেন। তবে এই জুটির পূর্বে লারা এবং রামনরেশ সারওয়ানের জুটি ১৪৬ রান করেন। সারওয়ান ব্যক্তিগত ৫৫ রান করে আউট হন।
লারা তার ইনিংসে মাঠের সবদিকেই বল পাঠিয়ে পাকিস্তানি ফিল্ডারদের ব্যতিব্যস্ত রাখেন। তবে পাকিস্তানি অধিনায়ক ইনজামাম উল হক যখন সন্দেহজনক বোলার সাব্বির আহমেদ এবং শোয়েব মালিককে লারার বিরুদ্ধে বোলিং করতে নামান তখন লারা কিছুটা চাপের মধ্যে পরেন।
লারা মালিকের বল ডিপ লেগ বরাবর বাউন্ডারির বাইরে পাঠিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। এই টেস্ট সিরিজে এই লারার দ্বিতীয় সেঞ্চুরি। ব্রিজটাইনে প্রথম টেস্ট ম্যাচে লারা ১৩০ রানের ইনিংস উপহার দেন।
সেঞ্চুরির পর লারা আরও ভয়ংকর হয়ে উঠেন। তিনি পাকিস্তানি ফাস্ট বোলার নাভেদ উল রানার ওভারে দর্শণীয় ভঙ্গিতে দুইটি পুল শট ও একটি স্কয়ার কাট শট খেলেন।
তবে সারওয়ান ধীরে-সুস্থে খেলেন। ম্যাচ চলাকালে লারা তাকে ঠান্ডা মাথায় খেলার পরামর্শ দেন।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনে প্রথম আঘাত হানেন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। তিনি ক্যারিবিয়ান ওপেনার ডিভন স্মিথকে ব্যক্তিগত ২৫ রানের মাথায় প্যাভিলিয়ানে ফেরত পাঠান। দ্বিতীয় উইকেটের পতনও ঘটান তিনিই। রাজ্জাক ক্রিস গেইলকে ব্যক্তিগত ৩৩ রানের সময় উইকেটকিপার কামরান আকমলের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন। চা বিরতির আগে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় দুই উইকেটে ১৬২ রান।
বিরতির পর সারওয়ান সাব্বির আহমেদের বল বাউন্ডারির উপর দিয়ে পাঠাতে চাইলে বল সরাসরি দানেশ কানেরিয়ার হাতে গিয়ে পড়ে। সাওয়ান ১৩৭ বল মোকাবেলা করে ৫৫ রান করেন।
অধিনায়ক চন্দরপল ক্রিজে এসে সঙ্গি হিসেবে পান লারাকে। কিন্তু ক্রিজে স্থায়ী হওয়ার আগেই তিনি পুল শট খেলতে গিয়ে উইকেটকিপার কামরান আকমলের হাতে ধরা পড়েন। চন্দরপলকে আউট করেন স্পিনার দানেশ কানেরিয়া।
এদিকে এর আগের পাকিস্তানি ইনিংসে স্কোর বাড়ানোর আগেই কোরি কলিমোরের প্রথম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হন আব্দুল রাজ্জাক। সাবিনা পার্কের মাঠ যে ফাস্ট বোলারদের স্বর্গরাজ্য তা সকলেরই জানা। আর সেই ফাস্ট বোলিং পিচে ডেরেন পাওয়েলের মারাত্বক বোলিংয়ে আঘাত পান পাকিস্তানি উইকেটকিপার কামরান আকমল এবং নাভেদ উল রানা। রানা ডান হাতে আঘাত পাওয়ার পর তাকে মাঠ থেকে ফিরিয়ে আনেন পাকিস্তান দল।
সাব্বির আহমেদকে শুন্য রানে আউট করেন কলিমোর। আকমল হাফ-সেঞ্চুরি থেকে এক রান পিছনে থাকতে তাকে প্যাভিলিয়ানে ফেরত পাঠান পাওয়েল। কানেরিয়াকে আউট করেন কলিমোর।
