ডারহামে দ্বিতীয় ইনিংসে টাইগারদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা, খেলা গড়াল তিন দিনে
প্রথম ইনিংসে ব্যাটিং দুঃস্বপ্নের পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে টাইগাররা। আর তাতে নেতৃত্ব দিয়েছেন প্রথমে ওপেনার জাভেদ ওমর আর নাফিস ইকবাল।
দুই ওপেনার, জাভেদ ও নফিস অনেকটা ওয়ানডে স্টাইলে পিটিয়ে ১১ দশমিক ৩ ওভারে ৫০ রান তুলে নেন। এরপরই জাভেদকে একা করে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন নাফিস। ১৫ রান করে ফ্লিনটফের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ তুলে দেন তিনি।
জুটি ভেঙ্গে গেলেও রাজিন সালেহকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যান জাভেদ। কিন্তু রাজিনও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ২১তম ওভারে মাত্র সাত রান করে সেই ফ্লিটফের শিকারে পরিনত হন তিনি। তবে এবার রাজিনের ক্যাচটি লুফেছেন স্ট্রস।
তৃতীয় উইকেট জুটিতে লিটল মাষ্টার মোহাম্মদ আশরাফুলকে সাথে নিয়ে দলীয় রানকে ১০১ পর্যন্ত নিয়ে যান জাভেদ। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন আশরাফুল। প্রথম ইনিংসে তিন রানের পর এবার ১২ রান করে ব্যাটির বলে ক্যাচ তুলে দিয়ে ফিরে আসেন তিনি।
এরপর স্বল্প ব্যবধানেও ফিরে যান লড়াকু জাভেদ ওমর। তবে যাওয়ার আগে ৭১ রানের একটি মান বাঁচানো ইনিংস উপহার দিয়ে যান। জাভেদের এই ছোট অথচ কার্যকরী ইনিংসে চারের মার রয়েছে ১১টি।
এরপরের ইতিহাস অধিনায়ক বাশার আর উইকেট রক্ষক খালেদ মাসুদের লড়াইয়ের। বিপদের সময় মাসুদের ব্যাট যে চওড়া হয়ে উঠে এটা সবারই জানা। অন্যদিকে বাশার যেন নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার লড়াইয়ে মেতেছিলেন। হাতে যতরকম স্ট্রোক আছে সবগুলোই দেখিয়েছেন বাশার তার ৬৩ রানের ইনিংসে। দলকে ১৯৫ রানে রেখে ফ্লিনটফের বলে এলবিডব্লিউ হন বাশার। জাভেদের মত বাশারও ১১টি চার হাঁকান।
এবার খালেদের সাথে জুটি বাঁধেন আফতাব। এই দুই জনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ম্যাচটাকে তারা অনেকদুর নিয়ে যাবেন। কিন্তু ঠিক সেই সময়ই খালেদের ধৈর্যচ্যুতি ঘটল। ২৫ রানের একটি লড়াকু ইনিংস খেলে দলীয় ২৩৫ রানে হগার্ডের বলে এলবিডব্লিউ হন খালেদ মাসুদ।
অন্যদিকে আফতাব তখন রুদ্রমুর্তি ধারন করতে শুরু করেছেন। মোহাম্মদ রফিক আর আনোয়ার হোসেনও অল্প সংগ্রহে ফিরে যান। ফ্লিনটফকে হুকের মাধ্যমে ছক্কা মেরে নিজের অর্ধশতক পূরন করেন আফতাব।
আম্পায়াররা যখন দ্বিতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন স্কোর বোর্ডে তখন বাংলাদেশের আট উইকেটে ২৮৮। আর আফতাব ৬৩ ও পেসার তাপস বৈশ্য ১৮ রান নিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এখন তৃতীয় দিন তারা দু’জন ইনিংসটাকে কতদুর টেনে নিয়ে যেতে পারেন সেটাই দেখার বিষয়।
