সিনিয়র ডিভিশন ফুটবলে বড় জয়ের রেকর্ড গড়ল শেখ রাসেল ক্রীড়া চক্র
দেশের সিনিয়র ডিভিশন ফুটবল লিগে বড় ব্যবধানে জয়ের রেকর্ডটি নিজেদের করে নিল শেখ রাসেল ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে বৃহস্পতিবার শেখ রাসেল ক্রীড়া চক্র দশ গোলের বিরাট ব্যবধানে হারিয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবকে।
১৯৯২ সালে সিনিয়র ডিভিশন ফুটবল লিগ প্রবর্তিত হওয়ার পর ১৯৯৬ সালে আবাহনী লিমিটেড আট গোলে হারিয়েছিল ইস্ট এন্ড ক্লাবকে। এতদিন পর্যন্ত এটাই ছিল লিগে বড় ব্যবধানে জয়ের একমাত্র রেকর্ড। শেখ রাসেল এই রেকর্ডে ভাগ বসালো ২০০৫ এ এসে। এ জয়ের মধ্যে দিয়ে শেখ রাসেল ক্রীড়া চক্র ফেডারেশন কাপে ইয়ংমেন্সের কাছে ১-০ গোলে পরাজয়ের মধুর শোধও নিয়ে নিল।
এক তরফা ম্যাচে শেখ রাসেলের ইউসুফ লিগে প্রথম হ্যাটট্রিকসহ চার গোল করেন। এছাড়া মরোক্কান ইগির ও স্ট্রাইকার বুলবুল দু’টি করে, রশিদ ও নয়ন একটি করে গোল করেন।
বড় ব্যবধানে জয় পেলও শেখ রাসেল ফেডারেশন ও স্বাধীনতা কাপ ফুটবলের মত দুর্দান্ত নৈপুন্য প্রদর্শন করতে পারেনি। অন্যদিকে গোলরক্ষক নুরুজ্জামান নয়নের কারনেই হাফ ডজন গোল হজম করেছে ইয়ংমেন্স।
সাত মিনিটে গোল বন্যার সূচনা করেন ইউসুফ। রশিদের ক্রস থেকে বল পেয়ে গোল করেন ইউসুফ (১-০)। ২৮ মিনিটে রশিদ বক্সের ভিতর থেকে পরের গোলটি করেন (২-০)। বাঁ দিক থেকে তানভীরের ক্রস থেকে বল নিয়ে ইয়ংমেন্সের জালে জড়িয়ে দেন ইগির (৩-০)। ছয় মিনিট পর নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন ইগির (৪-০)।
বিরতির পর ৫৪ মিনিটে স্ট্রাইকার বুলবুল একেবারে গোলপোস্টের কাছ থেকে গোল করেন (৫-০)। ৫৭ মিনিটে আবার গোল করেন ইউসুফ (৬-০)। ৬৮ মিনিটে তানভীরের কর্নার করা বলে প্রায় শুন্য ডিগ্রী কোন থেকে গোল করেন বদলী খেলোয়াড় নয়ন (৭-০)। ৭৬ মিনিটে দলের পক্ষে অষ্টম গোলের মাধ্যমে নিজের হ্যাটট্রিক পূরন করেন ইউসুফ (৮-০)। ৮২ মিনিটে নবম গোলটিও ইউসুফের (৯-০)। খেলার অন্তিম মুহুর্তে ইয়ংমেন্সের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বুলবুল (১০-০)।
হলুদ কার্ড: আমিনুল (শেখ রাসেল)।
শেখ রাসেল ক্রীড়া চক্র: বিপ্লব, দীন মোহাম্মদ, প্রদীপ, আমিনুল, মিশু, হানিফ (নয়ন), শরিফ (মারুফ), তানভীর, ইগির, ইউসুফ ও রশিদ (বুলবুল)।
ইয়ংমেন্স ক্লাব: নয়ন, আরিফুল, মামুন (মজিদ), মোনায়েম, রিপন, রাজন, আজিজুর (সৈকত), বাতেন, ইসমাইল, তাবিথ ও রবিন।
