২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিটনের পেনাল্টি গোলে রক্ষা পেল ব্রার্দাস

৮১ মিনিটে বদলী খেলোয়াড় লিটনের পেনাল্টি গোলের সুবাদে বেঁচে গেল ব্রার্দাস ইউনিয়ন। প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে বুধবার ফরাশগঞ্জের বিরুদ্ধে প্রায় পয়েন্ট খোয়াতে বসেছিল বর্তমান চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

ব্রার্দাসের পক্ষে দেয়া রেফারীর পেনাল্টির সিদ্ধান্তটি পুরোপুরি বির্তকমুক্ত ছিল বলা যায়না। কারন এমিলি বাঁ দিক থেকে ফরাশগঞ্জের বক্সের মধ্যে যে মাইনাসটি করেন সেটা ফয়সালের হাতে লগেছে কিনা তাতে সন্দেহ রয়েছে। কিন্তু এমিলির আবেদনের পরই রেফারী ব্রার্দাসকে পেনাল্টি উপহার দেন। অন্যদিকে ফয়সালও রেফারীর এই সিদ্ধান্তের কোন প্রতিবাদ করেননি।

ফরাশগঞ্জ আগের ম্যাচে শেখ রাসেলকে হারিয়ে আপসেটের জন্ম দিলেও এই ম্যাচে তাদের সেই মনোভাব দেখা যায়নি। আক্রমনাত্মক ভঙ্গিতে খেলা শুরু করলেও খেলা দেখা মনে হয়েছে যেন ড্রয়ের জন্য লড়ছে তারা।

ম্যাচে ফরাশগঞ্জের সিরিয়াসনেসের অভাব দেখে ব্রার্দাসও গাছাড়া ভাবে খেলেছে। গোপীবাগের দলটিও কোন উল্লেখযোগ্য আক্রমন গড়ে তুলতে পারেনি।

আগের ম্যাচে ফরাশগঞ্জের জয়ের নায়ক ফেলিক্স কয়েকবার ব্রার্দাস সীমানায় হানা দিলেও স্থানীয় স্ট্রাইকার ওয়ালিদ ও রাইট উইঙ্গার জনির কাছ থেকে কোন কার্যকর সহযোগিতা পাননি।

১৬ মিনিটে ব্রার্দাসের রাশিয়ান রিক্রুট ভিক্টোরের একটি ফ্রিকিক ফরাশগঞ্জের গোলরক্ষক জিয়া কর্নারের বিনিময়ে রক্ষা করেন। ২৯ মিনিটে ভিক্টোরের একটি ক্রস করা বলে লিটন পা ছোঁয়াতে ব্যর্থ হলে সহজ একটি সুযোগ হারায় চ্যাম্পিয়নরা।

পুরনো ঢাকার দলটির নাইজেরিয়ান সট্রাইকার ফেলিক্স ৪৫ মিনিটে ব্রার্দাসের তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে বল সোজা গোলরক্ষক তারেকের হাতে তুলে দেন। মাঠে নামার মিনিট খানেকের মধ্যেই আক্রমনে যান এমিলি। ৬৯ মিনিটে লিটনের পাস থেকে বল পেলেও ফরাশগঞ্জের অরক্ষিত গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি এমিলি। তবে এই লিটনই ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করলে হাসিমুখে মাঠ ছাড়ে ব্রার্দাস ইউনিয়ন।

হলুদ কার্ড: সিরাজ ও জুয়েল রানা (ব্রার্দাস ইউনিয়ন), ফেলিক্স (ফরাশগঞ্জ)।

ব্রার্দাস ইউনিয়ন: তারেক, সুজন, সিরাজ, মাসুদ রানা, জুয়েল রানা, মনোয়ার (লিটন), আবুল, ইনানী, পারভেজ বাবু, খোকন (এমিলি) ও এডোয়ার্ড (তপু)।

ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব: জিয়া, খালেদ, ফয়সার, সিলা, অরুপ, জনি (রাজিব), পাভেল (রনি), কবির, আমিরুল, ফেলিক্স ও ওয়ালিদ।