২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি নির্বাচকদের কঠোর সমালোচনা করলেন ইমরান ও আকরাম

সাবেক পাকিস্তানি অধিনায়ক ইমরান খান এবং ওয়াসিম আকরাম ওয়েস্ট ইন্ডিজের কাছে চলমান টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে পাকিস্তান পরাজিত হওয়ায় পাকিস্তানি নির্বাচকদের দায়ী করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 11:19 AM

Updated : 26 Apr 2022, 05:43 PM

তারা বলেন, প্রয়োজন অনুযায়ী ভাল বোলার নেয়া হয়নি বলেই সিরিজ জয়ের সুযোগ হাত ছাড়া হয়ে গেল।

ইমরান খান বলেন, “শোয়েব আখতারকে ছাড়া ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে পাকিস্তান অতিরিক্ত আত্মবিশ্বাস দেখিয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে নির্বাচকরা ‘আন্ডারডগ দল’ ভেবেছিলেন। ফলে তাদের বিপক্ষে একজন উইকেট শিকারী বোলারের অভাব থেকেই যায়।”

ফিটনেসের অজুহাতে ১৭-সদস্যের পাকিস্তানি দলে জায়গা হয়নি শোয়েব আখতারের এবং বলা হয়েছিল শোয়েবকে আচরণ পরিবর্তন করতে হবে।

ইমরান বলেন, “ক্রিকেট খেলার প্রাথমিক নিয়ম হচ্ছে কখনই বিপক্ষ দলকে দুর্বল ভাবতে নেই। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ দলকে দুর্বল দল ভেবেছিল। পাকিস্তানি দল ভারতের বিরুদ্ধে সিরিজ জয় করে আত্মতুষ্টিতে ছিল।”

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তান ওয়ান ডে সিরিজ ৩-০ ব্যবধানে জয় করে নেয়। কিন্তু বার্বাডোজে প্রথম টেস্ট ম্যাচে পাকিস্তান ২৭৬ রানের বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয়।

পূর্বের পাঁচটি ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান কখনই সিরিজ জয় করতে পারেনি। পাকিস্তানের সামনে এখন কঠিন পরীক্ষা। শুক্রবার জ্যামাইকায় অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্ট ম্যাচে জয়ের মাধ্যমে সিরিজে সমতা আনতে বদ্ধ পরিকর পাকিস্তান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ইমরান আরও বলেন, “পাকিস্তানি নির্বাচকরা শোয়েবকে বাদ দিয়ে দল গঠন করে ‘অদ্ভুত ভুল’ করেছেন। সফরের আগেই মোহাম্মদ সামি ইনজুরিতে পড়েছেন। আমার প্রশ্ন বিপক্ষ দলের দুই ইনিংসে ব্যাটসম্যানদের আউট করার মত বোলার কই ?”

ওয়াসিম আকরামও এ ব্যাপারে ইমরান খানের সাথে একমত।

আকরাম বলেন, “ওয়ান ডে ক্রিকেট ভিন্নধর্মী খেলা। ওয়ান ডে ম্যাচে ১০ অভার বোলিং করার মত বোলার পাকিস্তান দলে আছে। কিন্তু টেস্ট ম্যাচে দুই ইনিংসে ২০ উইকেট নিতে হবে, অথচ দলে এমন কোনও বোলার নেই যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের দুইবার আউট করবে।”

“আমারা কখনই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয় করতে পারিনি। এবার আমাদের সামনে সুর্বন সুযোগ ছিল। কিন্তু দলের মূল বোলার না থাকার কারণে আমরা তা করতে পারলাম না।”