২য় প্রস্তুতি ম্যাচে ওরচেষ্টারশায়ারের বিরুদ্ধে বাংলাদেশের সপ্রতিভ জয়
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সাথে ত্রি-দেশীয় ন্যাট ওয়েস্ট ওয়ানডে সিরিজের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কাউন্টি দল ওরচেষ্টারশায়ারের বিরুদ্ধে চার উইকেটের এক সপ্রতিভ জয় পেয়েছে বাংলাদেশ।
প্রথমে বোলারদের এবং পরে ব্যাটসম্যানদের দৃঢ়তায় বাংলাদেশ এই জয় পায়। প্রথমে ব্যাট করতে নেমে খালেদ মাহমুদ আর নাজমুল হোসেনের মারাত্মক বোলিংয়ের মুখে মাত্র ১৬৮ রানে গুটিয়ে যায় কাউন্টির দলটি। মাহমুদ আর নাজমুল দু’জনেই তিনটি করে উইকেট দখল করেন। ওরচেষ্টারশায়ারের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান আসে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডি ব্রুইনের ব্যাট থেকে। ওরচেষ্টাশায়ারের পক্ষে পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতারও খেলেছেন। কিন্তু দলের পরাজয় রোধে কোন কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হন পিন্ডি এক্সপ্রেস।
১৬৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে এক রান জমা হতে না হতেই প্রথম উইকেট হারালে আরেকটি পরাজয়ের শংকা চেপে বসে বাংলাদেশ শিবিরে। কিন্তু ওপেনার জাভেদ ওমর আর মিডল অর্ডারে মোহাম্মদ আশরাফুল, অধিনায়ক হাবিবুল বাশার, আফতাব আহমেদ, টেল এন্ডে মাঞ্জারুল ইসলাম রানার দ্বায়িত্বশীল ব্যাটিংয়ে অবশেষে জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা।
বাংলাদেশ দলের তিন ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস, রাজিন সালেহ আর তুষার ইমরান ডাবল ফিগারে পৌঁছুতে ব্যর্থ হন। ইনিংসের গোড়া পত্তন করতে এসে জাভেদ ওমর ৬১ বলে সাতটি চারের সাহায্যে ৪৩ রানের একটি সংগ্রামী ইনিংস উপহার দেন।
মিডল অর্ডারে নেমে মোহাম্মদ আশরাফুলও খেলেন একটি অনবদ্য ইনিংস। পুরো ওয়ানডে ঘরানার ব্যাটিং করে আশরাফুল ৩৯ বলে আটটি চারের সহায়তায় ৪০ রান করেন।
পরে হাবিবুল বাশারের ২৬, আফতাব আহমেদের ১৬ ও রানার ১৬ রান বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
সংক্ষিপ্ত স্কোর: ওরচেষ্টাশায়ার-১৬৮ অল আউট, ৪৪ দশমিক ১ ওভার (ডি ব্রুইন ৩৪, পাইপ ২২, নাজমুল ৩/২৪, মাহমুদ ৩/২৯)।
বাংলাদেশ: ১৬৯/৬, ৩৬ ওভার (ওমর ৪৩, আশরাফুল ৪০, বাশার ২৬, আফতাব ১৬, রানা ১৬, মালিক ২/৩২, প্রাইস ২/৩৪)।
ফলাফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
