২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনিয়র ডিভিশন ফুটবল লিগে জয়ের ধারায় ফিরেছে মুক্তিযোদ্ধা সংসদ

প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে শিরোপা প্রত্যাশী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র আবার জয়ের ধারায় ফিরেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার মুক্তিযোদ্ধা সংসদ ২-০ গোলে হারায় সিনিয়র ডিভিশনের নবাগত দল দিপালী যুব সংঘকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 09:13 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ম্যাচে মুক্তিযোদ্ধাকে দুটি গোলই এনে দেন নাইজেরিয়ান স্ট্রাইকার পল। এই জয়ের ফলে চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মুক্তিযোদ্ধা। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

ম্যাচ হারলেও নবাগত দিপালী যুব সংঘ দুর্দান্ত নৈপুন্য প্রদর্শন করেছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে দিপালীর আক্রমন ঠেকাতেই বেশি ব্যস্ত দেখা গেছে মুক্তিযোদ্ধার খেলোয়াড়দের। কিন্তু তাদের স্ট্রাইকাররা লক্ষ্যভেদ করতে ব্যর্থ হলে বরং পাল্টা একটি আক্রমন থেকে দ্বিতীয় গোল করে জয় ছিনিয়ে নেয় মুক্তিযোদ্ধা।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই আক্রমনে যায় দিপালী, কিন্তু দেশ সেরা গোলরক্ষক আমিনুলকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেন নি স্ট্রাইকার রিজভী। নয় মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ইদ্রিসের আরেকটি আক্রমন কর্নারের বিনিময়ে রক্ষা করেন আমিনুল।

১৭ মিনিটে প্রথম গোল পায় মুক্তিযোদ্ধা সংসদ। বাঁ দিক থেকে বেলালের লম্বা থ্রোতে মাথা ছোঁয়ান হাসান আল মামুন। বল স্ট্রইকার পলের পায়ে গিয়ে পড়লে লক্ষ্যভেদ করতে দেরি করেননি তিনি (১-০)।

৪২ মিনিটে মুক্তির স্ট্রাইকার জেরিমিয়াহ দিপালীর ফাঁকা গোলপোস্টে বল ঠেলতে ব্যর্থ হন। তিন মিনিট পর জেরিমিয়াহ’র আরেকটি শট দিপালীর সাইডবারে লেগে ফিরে গেলে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি মুক্তিযোদ্ধা।

বিরতির পর ভেজা মাঠে দিপালী ভালো খেললেও শুধুমাত্র স্ট্রাইকারদের ব্যর্থতার জন্যই গোল পায়নি । ৭৬ মিনিটে ইদ্রিসের শট মুক্তিযোদ্ধার গোলবার ঘেঁষে বাইরে চলে যায়।

৮৪ মিনিটে পাল্টা একটি আক্রমন থেকে জয়সূচক গোল আদায় করে নেয় মুক্তিযোদ্ধা সংসদ। মুক্তির স্ট্রাইকার পলকে বক্সের মধ্যে অবৈধভাবে বাধা দেন দিপালীর শহীদ। বিন্দুমাত্র দেরি না করে পেনাল্টিার বাঁশি বাজান রেফারী। নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল করেন পল (২-০)।