২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে বুধবার কনফেডারেশন ‘মিনি বিশ্বকাপে’র উদ্বোধন

কনফেডারেশন কাপ টুর্নামেন্টকে সামনে রেখে বিশ্ব সেরা ফুটবলারদের চূড়ান্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন। অনুশীলন শিবিরে নিয়মিত অংশ নিচ্ছেন তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 02:47 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

এদিকে জার্মান ফুটবল ভক্তরা টিকেটের জন্য লাইন দিচ্ছেন। আগামী বছর বিশ্বকাপ ফুটবলের ড্রেস রির্হাসাল হিসেবে দেখা হচ্ছে এ টুনার্মেন্টকে।

আগামী বুধবার আট জাতি কনফেডারেশন কাপ টুর্নামেন্ট জার্মানিতে শুরু হবে। উদ্বোধনী দিনে ফ্রাঙ্কফুর্টে স্বাগতিক জার্মানি মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। অপর ম্যাচে কোলগনিতে অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে তিউনিসিয়ার।

এই মিনি বিশ্বকাপে ১৬টি ম্যাচ খেলা হবে। আর এক বছর পর শুরু হবে মূল অগ্নি পরীক্ষা, বিশ্ব কাপ ২০০৬। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালডিনহো ইতোমধ্যেই ট্রেনিং সেশনে যোগ দিয়েছেন কারণ বৃহস্পতিবার ব্রাজিল মুখোমুখি হবে ইউরোপ চ্যাম্পিয়ন গ্রিসের।

অস্ট্রেলিয়া আশা করছে তাদের মূল স্ট্রাইকার মার্ক বিডুকা ইতোমধ্যে হার্মিস্টিং ইনজুরি কাটিয়ে উঠতে পারবে। এ বছর ইংল্যান্ডে ইংলিশ প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে তিনি আঘাত পান।

গত সপ্তাহে আর্জেন্টিনার কাছে পরাজয়ের শোক ভুলতে চেষ্টা করছে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এবারই ব্রাজিল কনফেডারেশন কাপ টুর্নামেন্টে পূর্ণ শক্তির দল প্রেরন করেছে।

কথা উঠেছে বার্সিলোনার স্ট্রাইকার রোনালডিনহোকে নিয়ে। ব্রাজিলের কোচ কার্লোস আলবার্তো পেরেইরা জানান, রোনালডিনহো দীর্ঘ সময় ক্লাব ফুটবলে খেলার জন্য পায়ে সামান্য ব্যথা অনুভব করছেন।

লিপজিগে ব্রাজিল ও গ্রিসের মধ্যেকার ম্যাচের ৪৪,০০০ টিকিট এবং ২১ জুন নুরেমবার্গে স্বাগতিক জার্মানি ও আর্জেন্টিনার মধ্যেকার ম্যাচের ৪২,০০০ টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

অপরদিকে একই দিন গ্রুপ-এ এর আর্জেন্টিনা ও তিউনেশিয়ার মধ্যেকার ম্যাচের মাত্র ১৫,০০০ টিকিট বিক্রি হয়েছে।