শচীন এখনও একজন কিংবদন্তী: ওয়াকার
পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং ফাষ্ট বোলার ওয়াকার ইউনুস বলেছেন, ভারতের ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার এক কিংবদন্তীর নাম এবং এখনও বিশ্ব ক্রিকেটে তার দেয়ার অনেক কিছু বাকি আছে।
সাম্প্রতিক সময়ে ইনজুরি এবং রান না পাওয়ায় অনেকেই শচীনের ক্রিকেট থেকে বিদায় নেয়া উচিত বলে মন্তব্য করেন। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওয়াকার বলেন, গত ১৫ বছর ধরে শচীনের ব্যাট থেকে ভারতসহ ক্রিকেট বিশ্ব অনেক কিছু পেয়েছে এবং তার এখনও অনেক কিছু দেয়ার বাকি।
ওয়াকার বলেন, শচীন একজন নিবেদিত ক্রিকেটার এবং আমার বিশ্বাস সে আরো অনেক দিন ব্যাট হাতে ক্রিকেট বিশ্বকে শাসন করবে। ওয়াকারের সাথে একমত পোষন করেছেন পাকিস্তানের আরেক তারকা ওয়াসিম আকরামও।
শচীন এ পর্যন্ত ১২৩ টি টেস্ট ম্যাচ খেলে ৩৪ টি সেঞ্চুরি এবং ৪১ টি অর্ধশতকসহ ১০,১৩৪ রান করেছেন এবং ৩৪৮ টি ওয়ানডেতে অংশ নিয়ে ৩৮ টি সেঞ্চুরি এবং ৬৯ টি অর্ধশতকসহ ১৩,৬৪২ রান করেছেন।
