এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে অংশ গ্রহণ করবে বাংলাদেশ
এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে খেলবে বাংলাদেশ। বাছাই পর্ব শুরু হবে সেপ্টেম্বরে। টুর্নামেন্টে অংশগ্রহনের জন্য ইতিমধ্যে এএফসিতে এন্ট্রি পাঠিয়ে দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারন সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক বৈঠকে এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে জাতীয় দল প্রেরনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আরামবাগে অবস্থিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি এসএ সুলতান।
হেলাল বলেন, এএফসির অপারেশন কমিটির প্রধান সাইফুদ্দিন টেলিফোনে টুর্নামেন্টে অংশগ্রহনের ব্যাপারে জানতে চাইলে আমি তাকে বাংলাদেশের খেলার ব্যাপারে নিশ্চিয়তা দিয়েছি।
তিনি আরও বলেন, এশিয়ান কাপে অংশগ্রহনের ব্যাপারটিকে মাথায় রেখেই আমরা জাতীয় লিগের আগেই দল নির্বাচন করব। আর সেক্ষেত্রে নিটল-টাটা জাতীয় লিগে ক্লাবগুলোকে জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়াই খেলতে হবে।
ফেডারেশন সাধারন সম্পাদক অবশ্য জানান, এশিয়ান কাপ চলাকালীন সময়ে বাংলাদেশের যখন কোন ম্যাচ থাকবেনা তখন জাতীয় দলের খেলোয়াড়রা নিজ নিজ দলের হয়ে লিগে অংশ নিতে পারবে।
ফেডারেশনের চার কোচ-গোলাম জিলানী, জোবায়ের নিপু, মাহবুব হোসেন রক্সি ও হাসানুজ্জামান বাবলু চলমান সিনিয়র ডিভিশন ফুটবল লিগ পর্যবেক্ষণ করে এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য প্রাথমিক স্কোয়াড নির্বাচন করবেন।
বাছাইকৃত খেলোয়াড়দের ডিসেম্বরে সাফ ফুটবলের জন্যও প্রশিক্ষণ দেয়া হবে জানান হেলাল।
