ধর্ষণের অভিযোগে আর্সেনাল স্ট্রাইকার ভ্যান পার্সি গ্রেপ্তার
আর্সেনাল ক্লাবের ডাচ স্ট্রাইকার রবিন ভ্যান পার্সিকে রোটেনডাম থেকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সরকারি আইনজীবিরা এ তথ্য জানান।
সরকারি আইনজীবিদের মুখপাত্র জেই চেন ডি গ্রাফ বলেন, সোমবার ভ্যান পার্সিকে ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
ভ্যান পার্সির আইনজীবি এ ব্যাপারে এই মুহূর্তে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
পার্সি ২০০৪ সালের মে মাসে আর্সেনালে যোগ দেয়ার আগে রোটেনডামের ফিনর্ড ক্লাবের হয়ে খেলতেন। তিন দিনের মধ্যে তাকে বিচারকের সামনে উপস্থিত করা হবে এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন করা হবে।
অভিযোগ প্রমাণিত হলে ২১ বছর বয়সি পার্সির ১২ বছর জেল হতে পারে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
নেদারল্যান্ডের এই তরুণ খেলোয়াড়কে আর্সেনাল ক্লাবে খেলতে আনা হয়েছিল ড্যানিস বার্জকেম্পের বদলি খেলোয়াড় হিসেবে। পার্সি এই মৌসুমে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে পাঁচ গোল করেছেন, যার মধ্যে বেশির ভাগ গোল করেছেন বদলি খেলোয়াড় হিসেবে।
এ বছরের এপ্রিল মাসে এফএ কাপের সেমি ফাইনালে তিনি বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নেমে ব্ল্যাকবার্ন রোভাসের বিরুদ্ধে দু’টি গোল করে দলকে জয় এনে দেন।
তিনি নেদারল্যান্ডের পক্ষে বিশ্ব কাপ বাছাই পর্বের খেলায়ও গোল করেন।
