আবাহনী-মোহামেডান ম্যাচ ১-১ গোলে ড্র
প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে বুধবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যেকার খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে।
ম্যাচের প্রথমার্ধে মোহামেডানের উইংগার শাহনুর রহমান রনি প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধে আবাহনীর পক্ষে খেলায় সমতা ফেরান স্ট্রাইকার ইব্রাহীম।
এই ড্রয়ের ফলে মোহামেডান দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয়স্থানে অবস্থান করছে। বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। তাছাড়া এই ম্যাচের মধ্য দিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব আবাহনীর বিরুদ্ধে পরাজয়ের ধারা ভেঙ্গে বেরিয়ে এসেছে। গত বছর জাতীয় লিগ থেকে শুরু করে এই ম্যাচের আগ পর্যন্ত আবাহনীর বিরুদ্ধে তিনবার হেরেছে সাদাকালো শিবির।
অন্যদিকে আট পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আবাহনী লিমিটেড। আবাহনীর চাইতে এক পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দেশের আরেক ফুটবল শক্তি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
২০০২ থেকে ২০০৫, দীর্ঘ দিন পর বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই ঐতিহ্যবাহী দলের লড়াই উপভোগ করতে প্রায় হাজার বিশেক দর্শক হাজির হয়েছিল। প্রিয় দলের খেলোয়াড়রা যখনই আক্রমনে চালিয়েছেন সাথে সাথেই সমর্থকরা চিৎকার করে সমর্থন জানিয়েছে।
ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমন পাল্টা আক্রমন করে খেলতে থাকে। বেশ কিছু ভালো সুযোগও তৈরী হয়েছিল ম্যাচে। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় সেসব আক্রমন আর আলোর মুখ দেখেনি।
প্রথমার্ধের শুরু থেকেই প্লেমেকার জয় আর নাদিমের সহায়তায় মাঝমাঠের নিয়ন্ত্রন নিয়ে নেয় আবাহনী। তবে এই অর্ধের শেষ পনের মিনিট মোহামেডান সর্বশক্তি নিয়োগ করে প্রথম গোল আদায় করে নেয়। ১১ ও ১২ মিনিটে আবাহনী এগিয়ে যাওয়ার দু’টি সুবর্ণ সুযোগ পেলেও স্ট্রাইকার ফরহাদ ও ইব্রাহীম তার সদ্ব্যবহার করতে ব্যর্থ হন। ২৩ মিনিটে ফরহাদ মোহামেডানের গোলপোসট লক্ষ করে ক্রস করলেও বলকে জালে পৌঁছে দেয়ার মত কোন খেলোয়াড় সেখানে ছিলেন না। পরে মোহামেডানের ডিফেন্ডার হাসান কর্নারের বিনিময়ে সে যাত্রা দলকে বাঁচিয়ে দেন।
লিগে প্রথমবারের মত খেলতে নেমে মোহামেডানের সট্রাইকার ডোনাল্ড ৩৫ মিনিটে প্রথম আক্রমন চালান। আবাহনীর বক্সের মধ্য থেকে নেয়া ডোনাল্ডের তীব্র শটটি সতীর্থ রনির পায়ে লেগে জালে প্রবেশ করলে রেফারী মনসুর আজাদ রনিকেই গোলদাতা হিসেবে ঘোষনা দেন (১-০)।
গোল খেয়ে কোনঠাসা হয়ে পড়া আবাহনীকে এরপর বেশ কয়েকবার বাঁচিয়েছেন গোলরক্ষক নিজাম মজুমদার। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মিনিটখানেকের মধ্যেই গোল পায় আবাহনী। অধিনায়ক জয় মোহামেডানের বক্সের মধ্যে উগান্ডার স্ট্রাইকার ইব্রাহীমের উদ্দেশ্যে লব করলে ইব্রাহীম বুক দিয়ে বল নামিয়ে এনে বানিয়ে চমৎকার প্লেসিং শটে গোলরক্ষক বিপ্লবকে বোকা বানান (১-১)।
এরপর মোহামেডানের অধিনায়ক আলফাজ ও ডোনাল্ড দু’বার নিজামকে একা পেয়েও বল জালে ঠেলতে ব্যর্থ হন। ৭৫ মিনিটে বিপ্লবের হাতে সরাসরি বল তুলে দিয়ে আরেকটি সুযোগ নষ্ট করেন আবাহনীর ফরহাদ।
হলুদ কার্ড: হাসান, রনি, খোকন (মোহামেডান), উজ্জ্বল ও জয় (আবাহনী)।
মোহামেডান স্পোর্টিং ক্লাব: বিপ্লব, নজরুল, হাসান, কামাল, রনি, ফয়সাল (মিন্টু), আরমান অজিজি, আসাদ, মুন্না (খোকন), আলফাজ (জাহিদ) ও ডোনাল্ড।
আবাহনী লিমিটেড: নিজাম, ওবায়দুর, প্রদীপ, শওকত, লাজুক, উজ্জ্বল, জয়, কিয়াক (পারভেজ), জাহিদ, ফরহাদ (টিপু) ও ইব্রাহীম।
