‘বর্ষসেরা ক্রিকেটার’ পুরষ্কার প্রবর্তন করতে যাচ্ছে পিসিবি
টেস্ট, একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় প্রতিবছর ‘বর্ষসেরা ক্রিকেটার’ পুরষ্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিচালক (অপারেশন) আব্বাস জায়েদী পুরষ্কারের ব্যাপারে জানান, একজন ক্রিকেটারের পারফরম্যান্সকে স্বীকৃতি দেয়াই এই পুরষ্কার প্রদানের মূল উদ্দেশ্য। জায়েদী আরও জানান, বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার, মিডিয়া প্রতিনিধি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সেরা ক্রিকেটার বাছাইয়ের কাজটি করবেন।
ঢাকায় প্রাপ্ত এক তথ্যে জানা যায়, সেরা ক্রিকেটার বাছাইয়ের নীতিমালা এখনও চুড়ান্ত না হলেও কিছুদিনের মধ্যে তা চুড়ান্ত করা হবে। তবে বাছাইয়ের ক্ষেত্রে ক্রিকেটারদের টেস্ট, একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সকেই অগ্রাধিকার দেয়া হবে।
