২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনিয়র ডিভিশন ফুটবলে ফরাশগঞ্জের তৃতীয় জয়

প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে দুই নবাগত দলের লড়াইয়ে বৃহস্পতিবার ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারিয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 08:19 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

ফরাশগঞ্জের পক্ষে কবির ও আদাফ দ’ুটি গোল করেন। অন্যদিকে ইয়ংমেন্সের পক্ষে একটি গোল পরিশোধ করেন রবিন। এই জয়ের ফলে চার ম্যাচে ফরাশগঞ্জ নয় পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধার সাথে যৌথভাবে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে অবস্থান করছে। বিপরীতে চার ম্যাচ হেরে এখনও কোন পয়েন্টের মুখ দেখেনি ইয়ংমেন্স।

ম্যাচে দু’দলই আক্রমনাত্মক ফুটবল উপহার দিলেও শুধুমাত্র অভিজ্ঞতার অভাবে পরাজিত হয় তারুন্যনির্ভর ইয়ংমেন্স।

গত বছর মুক্তিযোদ্ধার হয়ে খেলা মিডফিল্ডার কবির ২৪ মিনিটে ফরাশগঞ্জকে এগিয়ে দেন। আমিরুলের একটি ডিফেন্স চেরা পাস থেকে বল পেয়ে চমৎকার প্লেসিং শটে ইয়ংমেন্সের গোলরক্ষক শিপনকে পরাস্ত করেন কবির (১-০)।

দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মধ্যেই রবিনের গোলে খেলায় ফেরে ইয়ংমেন্স। বাতেনের পাস থেকে বল পেয়ে ডান প্রান্ত দিয়ে বল জালে জড়িয়ে দেন রবিন (১-১)। ৭৯ মিনিটে রনি-আদাফ কম্বিনেশনে জয়সূচক গোল পায় ফরাশগঞ্জ। ইয়ংমেন্সের গোলসীমানায় বল ঠেলে দেন রনি, আর তাতে বাঁ পায়ের আলতো টোকায় বলকে নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দেন আদাফ (২-১)।