২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটওয়েস্ট ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ দশ উইকেটে পরাজিত

কথা রেখেছেন জন লুইস। দর্শকরা নড়েচড়ে বসার আগেই বাংলাদেশের তিন উইকেট হাওয়া। অবশ্য স্কোর বোর্ডে বাংলাদেশের নামের পাশে ৩৯ রান লেখা হয়েছে। কিন্তু অভিষেকেই লুইস যেভাবে বাংলাদেশের মেরুদন্ডটা ভেঙ্গে দিলেন তাতে করে তার অভিষেকটা রাজসিকই বলা যায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 10:56 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

তবে যতটা না লুইসের কৃতিত্ব তারচাইতে বেশি ব্যর্থতা বাংলাদেশী ফ্রন্টলাইনারদের।

বেশ কিছুদিন ধরেই ফ্রন্টলাইনাররা ভোগাচ্ছেন বাংলাদেশের থিংকট্যাংককে। বিশেষ করে ওপেনিংয়ে কার্যকর একটি জুটি খুঁজে বের করতে গলদঘর্ম হতে হচ্ছে তাদের। পরীক্ষা নিরীক্ষা যতই অবস্থা সেই আগের মতই। ন্যাট ওয়েস্ট ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে টস হেরে ব্যাটিংয়ে নেমেই ইংলিশ বোলাদের তোপের মুখে পড়ে বাংলাদেশী নড়বড়ে ব্যাটিং লাইন আপ।

ইংলিশ অধিনায়ক ভনের ভাগ্যও একটা বলতে হয়। লন্ডনের আকাশ সকাল থেকেই কি কারণে যেন মুখভার করে ছিল। একে আবহাওয়া তারওপর আবার টস জয়, দু’টো মিলে সোনায় সোহাগা। চোখকান বুঁজে ফিল্ডিংয়ে নেমে যায় ইংল্যান্ড।

দুই ওপেনার জাভেদ ওমর আর নাফিস ইকবাল মোটামুটি ভালোই শুরু করেছিলেন। কিন্তু চতুর্থ ওভারের পঞ্চম বলেই আঘাত হানেন লুইস। ওয়ানডেতেও নিজের কার্যকারিতা প্রমান করার জন্য কিনা কে জানে ১৯ বলে জাভেদ দু’টি চারের সহায়তায় ১৩ রান তুলে সাজঘরে ফেরেন জাভেদ। এরপর লিটল মাষ্টার মোহাম্মদ আশরাফুল এলেন আর গেলেন কিন্তু জয় করতে পারলেন না। আশরাফুলের ব্যাট যেন হাসতেই ভুলে গেছে। জাভেদ দলীয় যে ১৯ রানে ফিরে গেছেন সেই ১৯ রানেই লুইসের বলে ফ্লিটফের হাতে ক্যাচ তুলে দেন আশরাফুল।

নিজের ১৯ পৌঁছার পর নাফিস ইকবালও যেন ফিরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। দল যখন অথৈ সাগরে ভেসে থাকার জন্য খড়কুটো খুঁজছে ঠিক তখনই সেই লুইসের বলেই জান্সের হাতে ধরা পড়ে বিদায় নেন নাফিস। অন্যপ্রান্তে তুষার ইমরান, যাকে ওয়ানডে স্পেশালিস্ট হিসেবে দেশ থেকে উড়িয়ে নেয়া হয়, তিনিও ২৭ বলে ১০ রান করে আউট হয়ে যান। সাথে অবশ্য অধিনায়ক বাশারও ভালোই সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন। কিন্তু দু’জনই ইংলিশ পেসার হার্মিসনের শিকারে পরিনত হন। তুষার ১০ রান করে বোল্ড আর বাশার ১৯ রানে জোন্সের ক্যাচে পরিনত হন।

এরপরের ইতিহাস আফতাব আর মোহাম্মদ রফিকের লড়াইয়ের ইতিহাস। মাঝে বাকি সবাই আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছিলেন। আফতাবতো ইংলিশ বোলাদের উপর মোটামুটি চেপে বসেছিলেন। পিটিয়েছেনও বেধড়ক। ৫৮ বলে চারটি বাউন্ডারি আর দু’টি বিশাল ছয়ের সাহায্যে ৫১ করে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ স্কোরার। এর আগে অবশ্য আউট হন রফিক। কিন্তু যাওয়ার আগে ৫৭ বলে দু’টি চার ও একটি ছয়ের মাধ্যমে মুল্যবান ৩০টি রান করে দিয়ে যান।

ইংল্যান্ড সফরে হারিয়ে যাওয়া বোলার মাশরাফি মর্তুজা তার ব্যাটিংয়ের ঝলক দেখিয়ে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু দল যে তার কাছ থেকে ব্যাটিং নয়, অন্যকিছু আশা করে। বাংলাদেশের এই দুঃসময়ে বল হাতে মাশরাফির জ্বলে উঠা যে খুবই প্রয়োজন। মাশরাফি অবশ্য ২৪ বলে চারটি চারের সাহায্যে ২৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান। ১৯০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ইংলিশ বোলাদের মধ্যে লুইস তিনটি, স্টিভ হার্মিসন চারটি উইকেট নিয়ে তাদের ব্যাটসম্যানদের কাজটা সহজ করে দিয়ে যান।

১৯১ রানের জয়ের লক্ষে খেলতে নেমে দুই ইংলিশ ওপেনার মার্কাস ট্রেসকোথিক আর অ্যান্ড্রু স্ট্রস ২৪ দশমিক ৫ ওভারে নিরাপদে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। জয়ের টার্গেট ছোট হলেও এরমধ্যেই নিজের সেঞ্চুরিটা ঠিকই আদায় করে নিয়েছেন ট্রেসকোথিক। ৭৬ বলে ১৬টি চারের সহায়তায় ঠিক ১০০ রান করেন পুরো সিরিজে সফল এই ওপেনার। ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কারটাও গেছে তার ঝুলিতে। অন্যদিকে স্ট্রস ৭৭ বলে ১০টি চার ও একটি ছয়ের সাহায্যে ৮২ রান করে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:

টস: ইংল্যান্ড।

বাংলাদেশ: ১৯০ অল আউট, ৪৫ দশমিক ২ ওভার (আফতাব আহমেদ ৫১, মোহাম্মদ রফিক ৩০, মাশরাফি ২৯ অপরাজিত, গফ ২/৩৩, লুইস ৩/৩২, হার্মিসন ৪/৩৯)।

ইংল্যান্ড: ১৯২/০, ২৪ দশমিক ৫ ওভার (ট্রেসকোথিক ১০০, স্ট্রস ৮২)।

ম্যান অব দ্য ম্যাচ: মার্কাস ট্রেসকোথিক।

ফলাফল: ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী।