সিনিয়র ডিভিশন ফুটবলে ব্রাদার্সকে ১-০ গোলে হারিয়েছে আরামবাগ
প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে শক্তিশালী ব্রাদার্সকে শুক্রবার ১-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ৫৭ মিনিটে একমাত্র গোলটি করেন আরামবাগের কেনিয়ান স্ট্রাইকার কুবেক ডমিনিক। প্রথমার্ধ থেকেই অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করছিলো আরামবাগ। তবে দ্বিতীয়ার্ধে তা আরও বেশি ছন্দ পায়। আরামবাগের গোলরক্ষক সাকিল চমৎকার নৈপুন্য দেখান। অন্যদিকে ঘানার চার্লস ঘানসা, দুলাল চন্দ্র সাহা এবং অকরাম হোসেন রক্ষণভাগে শক্ত প্রতিরক্ষা ব্যুহ গড়ে তোলেন।
খেলার ১৪ মিনিটের মাথায় ব্রাদার্স একটি চমৎকার গোলের সুযোগ পেলেও গোলরক্ষক সাকিল তা থামিয়ে দেন। ৫৭ মিনিটের সময় ব্রাদার্সের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে একমাত্র গোলটি করেন কুবেক ডমিনিক। এরপর গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠলেও শাকিলের দৃঢ়তায় শেষ পর্যন্ত গোল শুন্য অবস্থায় মাঠ ছাড়তে হয় ব্রাদার্সকে।
এ ম্যাচে হারলেও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ব্রাদার্সের পরেই ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
