২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দলের বিজয়ে শেখ হাসিনার শুভেচ্ছা, আশরাফুল’র বাবা-মা’কে অভিনন্দন

বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের অসাধারণ বিজয়ে জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড় এবং কোচকে শুভেচ্ছা জানিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 05:28 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

শেখ হাসিনা একই সাথে ম্যান অব দা ম্যাচ আশরাফুলের বাবা ও মা’কে ফুল ও মিষ্টি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার রাতে এক বিজয় বার্তায় শেখ হাসিনা বলেন, দেশের টেস্ট মর্যাদা অক্ষুন্ন রাখার জন্য এমন একটি বিজয়ের খুবই প্রয়োজন ছিলো।

খেলা শেষে শেখ হাসিনা রাতেই টেলিফোনে অধিনায়ক হাবিবুল বাশারের সাথে কথা বলেন এবং এ বিজয় অব্যাহত রাখার উপদেশ দেন।

আশরাফুলের ক্রীড়া নৈপুন্যে শেখ হাসিনার পক্ষ থেকে রোববার দুপুরে আশরাফুলের বাসায় গিয়ে বাবা মো: আব্দুল মতিন এবং মা সাঈদা খাতুনকে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শেখ হাসিনা ছাড়াও পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী ওবায়েদুল কাদের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক শফিউল আরেফিন টুটুলসহ আরও অনেকে জাতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে রোববার সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি আশরাফ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী’র পক্ষ থেকে আশরাফুলের বাবা, মাকে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে অভিনন্দন জানান।