বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে বাংলাদেশের জয়ে সারা দেশে বিজয়োৎসব
ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন অষ্ট্রেলিয়াকে পরাজিত করায় ক্রিকেটামোদী বাংলাদেশের জনগণ রোববার সারা দেশে বিজয় উৎসব পালন করেছে।
আইসিসি’র (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) র্যাংকিং’এ বাংলাদেশের অবস্থান সবার নিচে, পক্ষান্তরে অষ্ট্রেলিয়ার অবস্থান সবার উপরে।
শনিবার রাতে খেলা শেষে এবং রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের এ গৌরবের জয়ে বিজয় মিছিল বের করে। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় লোকজন বাংলাদেশের পতাকা হাতে রাস্তায় নেমে এসে উৎসবে মেতে উঠে।
বিজয় উৎসবের এক মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শরিফুল ইসলাম হাসান আবেগউদ্বেলিত কণ্ঠে বলেন, এটি এখন কোনও আশ্চর্য হবার বিষয় নয় যে বাংলাদেশও বড় কোনও ঘটনা ঘটানোর ক্ষমতা রাখে।
শুধু রাজধানিতেই নয়, বিভাগীয়, জেলা শহর, থানা সদর এবং বিভিন্ন এলাকায় বাংলাদেশের এ অবিস্মরণীয় জয়ে বিজয়োৎসব মেতে উঠে ক্রিকেটপ্রেমিক জনতা।
রোববার দিন জুড়ে একমাত্র আলোচনার বিষয় ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়। অফিস, দোকান কিংবা চায়ের দোকানে সব জায়গাই বাংলাদেশের অবাক করে দেওয়া এ জয় নিয়ে আলোচনা চলে। সরকারি ও বেসরকারি কার্যালয়ে রোববার ছিল উৎসবমুখর পরিবেশ। কোন কোন অফিসে বাংলাদেশের বিজয়ে মিষ্টিও বিতরণ করা হয়।
বাংলাদেশের বিজয়ের পর রাস্তায় উল্লাসরত এক স্কুল ছাত্র কাজি আকিব বললো, বিশ্ব চ্যাম্পিয়নদের বাংলাদেশ পাঁচ উইকেটে হারিয়েছে, শুধু জয়ই নয়, এটি এক বিস্ময়। টাইগাররা বিশ্ব জয় করেছে।
ঢাকায় আগা খান স্কুলের এক ছাত্র সামিউল হক চৌধুরি বললো, টাইগাররা শেষ পর্যন্ত খাঁচা থেকে বেরিয়ে এসেছে।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া জয়ের পরপরই বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল এই জয়ের ধারা অব্যাহত রাখবে।
বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। তিনি ফোনে বাংলাদেশ দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমনের সাথে কথা বলেন। এ সময় তিনি বাশারের সফল নেতৃত্বের প্রশংসা এবং দলের অন্যান্য সতীর্থদের ধন্যবাদ জানান।
আওয়ামী লীগ প্রধান আশা করেন, আগামী ম্যাচগুলোতেও খেলোয়াড়রা একই পারফরমেন্স ধরে রাখতে পারবে।
অষ্ট্রেলিয়ার বিপক্ষে বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য মো. আশরাফুলের বাবা, মাকে ফুলের তোড়া ও মিষ্টি পাঠিয়ে শেখ হাসিনার পক্ষ থেকে অভিনন্দন জানান সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীও জাতীয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান।
জাতীয় ক্রিকেট দলের বীরত্বপূর্ণ নৈপূণ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ খেলোয়াড়দের শুভেচ্ছা জানান।
এছাড়াও বিকল্প ধারা বাংলাদেশ, ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং অন্যান্য সংগঠন বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে।
অষ্ট্রেলিয়ার পাঁচ উইকেটে ২৪৯ রানের জবাবে মো. আশরাফুলের অসাধারণ সেঞ্চুরির সুবাধে চার বল বাকি থাকতে বাংলাদেশ জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
বাংলাদেশ ১০৭টি এক দিনের আর্ন্তজাতিক ম্যাচে অষ্ট্রেলিয়া ছাড়াও পাকিস্তান ও ভারতের মতো শক্তিশালী ক্রিকেট দলকে পরাজিত করে।
বিডিনিউজ’র প্রতিনিধিরা গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, নড়াইল, পটুয়াখালি ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বিজয়োৎসবের খবর পাঠিয়েছেন।
