২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেরিমিয়াহ’র দুই গোলে আবাহনীকে হারালো মুক্তিযোদ্ধা

প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে রোববার জেরিমিয়াহ’র দুই গোলের সুবাদে আবাহনীর বিরুদ্ধে জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

এই জয়ের ফলে শিরোপা প্রত্যাশী মুক্তিযোদ্ধা পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ব্রাদার্স ইউনিয়নের সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে মুক্তিযোদ্ধার সাথে হেরে শিরোপা লড়াই থেকে বেশ কিছুটা দূরে সরে গেল আবাহনী লিমিটেড। আট পয়েন্ট নিয়ে আবাহনী ফরাশগঞ্জের পেছনে অবস্থান করছে।

ম্যাচে ডিফেন্ডারদের ভুলের কারণেই দু’টি গোল হজম করে আবাহনী। এই পরাজয়ের মধ্য দিয়ে আবাহনীর ডিফেন্স লাইনের দুর্বলতা আবারও প্রকট হয়ে ধরা পড়ল। তারওপর আবার নিয়মিত গোলরক্ষক নিজাম মজুমদারের পরিবর্তে বদলী গোলরক্ষক আনোয়ারকে নিয়ে মাঠে নামে আবাহনী। কিন্তু নতুন গোলরক্ষক দু’টি গোল ঠেকাতে কোন কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন।

গোলশুন্য বিরক্তিকর প্রথমার্ধ শেষ হওয়ার পর ৬৩ মিনিটে মুক্তিযোদ্ধার জেরিমিয়াহ গোল খরা কাটিয়ে দেন। মূলত আবাহনীর ডিফেন্সের দুর্বলতার সুযোগেই গোল পায় মুক্তিযোদ্ধা। মিডফিল্ডার আরমান মিয়া আবাহনীর ডি বক্সের মধ্যে যে লবটি করেন আবাহনীর ডিফেন্ডার প্রদীপ ইচ্ছে করলে বল নিজের নিয়ন্ত্রনে নিতে পারতেন, কিন্তু চলন্ত বলে পা লাগাতে ব্যর্থ হন তিনি। জেরিমিয়া বল পেয়ে দেরি না করে আলতো শটে তা জালে জড়িয়ে দেন (১-০)।

১১ মিনিট পর আবাহনীর তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার প্লেসিং শটে নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল করেন জেরিমিয়াহ। সতীর্থ পল মাঝমাঠ থেকে ডান প্রান্তে জেরিমিয়াহ’র উদ্দেশ্যে বল উড়িয়ে দেন। জেরিমিয়াহ দুরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন (২-০)।

৭৬ মিনিটে আবাহনী ব্যবধান কমানোর একটি সুযোগ পেলেও বদলী স্ট্রাইকার টিপু মুক্তির গোলরক্ষক আমিনুলকে একা পেয়েও পরাস্ত করতে পারেন নি। ৮৪ মিনিটে ডান দিক থেকে ওবায়েদের একটি ক্রসে টিপু মাথা ছোঁয়াতে সক্ষম হলেও বল মুক্তিযোদ্ধার ক্রসপিস ছুঁয়ে মাঠের বাইরে চলে গেলে মাথা নীচু করে মাঠ ছাড়তে হয় ধানমন্ডির দলটিকে।