২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিউট ২য় জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশীপ সমাপ্ত

পল্টন ময়দানে রোববার কিউট ২য় জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশীপের সমাপনী দিনে অলিম্পিক রাউন্ডের পুরুষ ও মহিলা বিভাগে যথাক্রমে বাংলাদেশের আনসারের নূরে আলম ও অমি চাকমা শিরোপা লাভ করেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 09:12 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

নূরে আলম ২৩৫ ও অমি চাকমা ২৪০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। পুরুষদের বিভাগে খাগড়াছড়ি আরচ্যারী ক্লাবের মোহাম্মদ সাজ্জাদ আলী দ্বিতীয় ও ঢাকা মেরিনার ইয়ংস ক্লাবের মোহাম্মদ রুবেল মহাজন তৃতীয় স্থান লাভ করেন।

এই রাউন্ডের মহিলা গ্রুপে দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে চট্টগ্রামের নাসরিন খানম হ্যাপী ও ভিডিপি দলের শ্রাবনী চাকমা।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর চেয়ারম্যান কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

এছাড়া বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন ও অন্যান্য ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।