আন্তঃক্লাব খেলোয়াড় বদল কার্যক্রমে কোন ক্লাব অংশগ্রহন করেনি
১ম বিভাগ ফুটবল লিগে দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আনার জন্য ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটি খেলোয়াড়দের তিন দিনব্যাপী আন্তঃক্লাব খেলোয়াড় বদল কার্যক্রম চালু করেছিল। কিন্তু মজার ব্যাপার হলো তিনদিনে কোন ক্লাবই এই দল বদলে অংশ নেয়নি। রোববার ছিল এই দল বদল কার্যক্রমের শেষ দিন।
এদিকে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে সোমবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবং ধানমন্ডি ক্লাবের মধ্যেকার ম্যাচ দিয়ে ১ম বিভাগ ফুটবল লিগের ২য় পর্বের খেলা মাঠে গড়াচ্ছে।
মহানগর ফুটবল লিগ কমিটির সাধারন সম্পাদক মোজাম্মেল হক মুক্তা দল বদল কার্যক্রমে কোন দলের অংশগ্রহন না করার ব্যাপারে বিডিনিউজকে জানান, যদি সিনিয়র ডিভিশন ও ১ম বিভাগ ফুটবল লিগের দল বদল একই সাথে শুরু করা যেত তাহলে ১ম বিভাগের দলগুলো সিনিয়র ডিভিশনের খেলোয়াড়দের দলভুক্ত করার সুযোগ পেত।
মুক্তা আরও জানান, যেহেতু ১ম বিভাগ লিগের শীর্ষে থাকা দলগুলো তাদের খেলোয়াড় ছাড়তে চাচ্ছেনা ফলে নীচের দিকের দলগুলোও ভালো খেলোয়াড় সংগ্রহ করতে পারেনি। সব মিলিয়ে পুরো কার্যক্রম ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, ১৫ মে থেকে ১ম বিভাগ ফুটবল লিগ ও ২৮ মে থেকে শুরু হয়েছে সিনিয়র ডিভিশন ফুটবল লিগ। স্পনসেরর অভাবেই দু’টি লিগ একইসাথে শুরু করা সম্ভব হয়নি।
এক প্রশ্নের জবাবে মুক্তা জানান, খেলোয়াড়দের আন্তঃক্লাব খেলোয়াড় বদল কার্যক্রমে কোন ক্ষতিকর কিছু ঘটেনি তাই তিনি একে তিনি খারাপভাবে দেখতে নারাজ।
