জয় দিয়ে মোহামেডানের লিগ অভিযান শুরু
কোন বিদেশি খোলোয়াড় ছাড়াই লিগে নিজেদের সুচনা ম্যাচে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে মঙ্গলবার মোহামেডান ৩-১ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে।
ম্যাচে অবশ্য মোহামেডান গোল করেছে চারটি। তিনটি আরামবাগের, আরেকটি নিজেদের জালে। মোহামেডানের হয়ে গোল করেন আলফাজ, ফয়সাল এবং বদলী খেলোয়াড় রনি। অন্যদিকে আরামবাগের রিতুর শট মোহামেডানের কামালের পায়ে লেগে নিজেদের জালে জড়িয়ে গেলে সান্ত¡না খূঁজে পায় আরামবাগ।
কঠিন সময়ের মধ্যে থাকা সাদাকালো শিবির প্রতিবেশী আরামবাগের বিরুদ্ধে জয় তুলে নিলেও অন্য বড় দলগুলোর মতই লড়াই করতে হয়েছে। প্রথম গোলের জন্য তাদের ৫৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।
মোহামেডানের রক্ষণভাগ ভেদ করে কয়েকটি আক্রমন চালালেও স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি আরামবাগ। তবে মধ্যমাঠে দু’দলই সমান তালে লড়েছে।
২৪ মিনিটে মোহামেডানের ডিফেন্ডার নজরুল গোললাইন থেকে বল ফিরিয়ে দিয়ে দলকে সমুহ বিপদের হাত থেকে রক্ষা করেন। আরামবাগের ডমিনিক বাঁ দিক থেকে রিতুর উদ্দেশ্যে ক্রস করেন। রিতু মোহামেডানের গোলরক্ষক বিল্পবকে পরাস্ত করতে পারলেও নজরুল গোললাইন থেকে বল ফিরিয়ে দেন।
প্রথমার্ধ গোলশুন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধের আট মিনিটের মধ্যেই গোলের দেখা পায় মোহামেডান। স্ট্রাইকার আলফাজ আরামবাগের তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে প্রায় শুন্য ডিগ্রী কোন থেকে বল জালে জড়িয়ে দেন (১-০)। সাত মিনিট পর ফয়সালের গোলে আবার এগিয়ে যায় মোহামেডান। আরামবাগের বক্সের মধ্য থেকে বাঁ পায়ের শটে গোল করেন ফয়সাল (২-০)।
৭৩ মিনিটে আরামবাগের রিন্টু মোহামেডানের স্ট্রাইকার মঞ্জুকে অবৈধভাবে বাধা দিলে লিগে দ্বিতীয় লাল কার্ড দেখেন তিনি। চার মিনিট পর মোহামেডান নিজেদের জালে বল পাঠালে গোলের মুখ দেখে আরামবাগ (২-১)। রিতু মধ্যমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে মোহামেডানের গোল সীমানায় ঢুকে পড়েন। এবারও গোলরক্ষক বিল্পবকে পরাস্ত করে বল গোলমুখে ঠেলে দিয়েছিলেন। কিন্তু মোহামেডানের ডিফেন্ডার কামালের পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। অবশ্য নজরুল বল ক্লিয়ার করার আপ্রান চেষ্টা চালিয়েছিলেন।
ম্যাচের একেবারে অন্তিম মুহুর্তে মোহামেডানের রনি দলের পক্ষে শেষ গোলটি করেন (৩-১)।
