বিকেএসপিতে তিন দিনের ট্রায়াল ম্যাচের দ্বিতীয় দিন সবুজ দলের প্রধান্য
বিকেএসপিতে বাংলাদেশ এ ক্রিকেট দলের তিন দিনের ট্রায়াল ম্যাচের দ্বিতীয় দিন মঙ্গলবার ম্যাচের নিয়ন্ত্রন নিয়েছে বিসিবি সবুজ দল।
লাল দলের প্রথম ইনিংসে করা ৩২৮ রানের জবাবে সবুজ দল দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করেছে। নাঈম ইসলাম ১১ ও ধীমান ঘোষ আট রান নিয়ে অপরাজিত রয়েছেন।
টপ অর্ডার ব্যাটসম্যানদের কল্যানে সবুজ দল এক পর্যায়ে তিন উইকেট খুইয়ে ২৩৮ রান তোলে। প্রথম উইকেট জুটিতে ওপেনার শামসুর রহমান ও সগীর হোসেন পাভেল ৮২ রান যোগ করেন। নাবিল দুই ওপেনারকে ফিরিয়ে দিলে ম্যাচে ফেরে লাল দল। পাভেল ৫৫ রান করেন।
এরপর সাকিব আল হাসানকে সাথে নিয়ে ৮১ রানের আরেকটি পার্টনারশীপ গড়ে তোলেন শামসুর রহমান। শামসুর রহমান ৭৮ রান করে নাবিলের বলে ফরহাদের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। তৃতীয় উইকেট জুটিতে নাজিমুদ্দিনকে সাথে নিয়ে আরও ৭৫ রান করেন সাকিব। ৫৬ রান করে মোশাররফ হোসেনের শিকারে পরিনত হন সাকিব। ৩৪ রান করা নাজিমের উইকেটটি দখল করেন নাবিল।
সকালে লাল দল আগের দিনের সাত উইকেটে ২৫৯ রান নিয়ে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৩২৮ রানে প্রথম ইনিংস শেষ করে। অপরাজিত ব্যাটসম্যান শাহিন অল্পের জন্য সেঞ্চুরি করতে ব্যর্থ হন। শাহিন ৯০ রান করে রাজ্জাকের বলে আউট হন। এছাড়া আলমগীর হোসেন ৫৭ রানে অপরাজিত থাকেন। সবুজ দলের আব্দুর রাজ্জাক সাতটি এবং সাকিব আল হাসান দু’টি উইকেট লাভ করেন।
