ব্রাদার্স, মুক্তিযোদ্ধার পর সিনিয়র ডিভিশন ফুটবলে শুভ সূচনা করল আবাহনী
ব্রাদার্স ইউনিয়ন এবং মুক্তিযোদ্ধা সংসদের পর আবাহনী লিমিটেডও লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে আবাহনী ২-১ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবকে হারিয়েছে।
আবাহনীর পক্ষে গোল দু’টি করেন ফরহাদ ও উজ্জ্বল। ইয়ংমেন্সের হয়ে একটি গোল পরিশোধ করেন রবিন।
ম্যাচের প্রথমার্ধ ইয়ংমেন্সের নিয়ন্ত্রনে থাকলেও শেষ পর্যন্ত ধানমন্ডির দলটির বিরুদ্ধে তারা এই নিয়ন্ত্রন ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের পুরো নিয়ন্ত্রন চলে আবাহনীর হাতে।
২২ মিনিটে ফরহাদের গোলে এগিয়ে যায় আবাহনী। ডান দিক দিয়ে ইব্রাহিমের বাড়িয়ে দেয়া ক্রস থেকে স্ট্রাইকার ফরহাদ সুন্দর প্লেসিং শটে ইয়ংমেন্সের আগুয়ান গোলরক্ষক নয়নকে পরাস্ত করেন (১-০)। ৩৭ মিনিটে ইয়ংমেন্সের স্ট্রাইকার রবিন সমতা ফেরান। বাতেনের তীব্র শটটি আবাহনীর সাইডবারে লেগে ফিরে আসলেও ফিরতি বলে টোকা দিয়ে জালে জড়িয়ে দেন রবিন (১-১)।
দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে আবাহনী। আর তা থেকেই জয়সূচক গোল আদায় করে হাসিমুখে মাঠ ছাড়ে। এবারও গোলবার ছেড়ে এগিয়ে আসা ইয়ংমেন্সের গোলরক্ষক নয়নের মাথার উপর দিয়ে বলকে গন্তব্যে পাঠিয়ে দেন উজ্জ্বল (২-১)।
