তিনদিনের ট্রায়াল ম্যাচে সুবিধাজনক অবস্থানে লাল দল
বিকেএসপিতে বাংলাদেশ এ ক্রিকেট দলের নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে আয়োজিত তিন দিনের ট্রায়াল ম্যাচে সোমবার প্রথম দিন বিসিবি সবুজ দলের বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে রয়েছে লাল দল।
হাসানুজ্জামান এবং শাহিনের দু’টি অর্ধশতকের উপর ভর করে প্রথম দিন শেষে লাল দলের সংগ্রহ দাঁড়িয়েছে সাত উইকেটে ২৫৯ রান। হাসানুজ্জামান ৭০ রান করে আউট হয়ে গেলেও ৭৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন শাহিন। ৩৫ রান নিয়ে তার সাথে ক্রিজে রয়েছেন আলমগীর হোসেন।
প্রথমে ব্যাট করতে নেমে লাল দল ৫৫ রানে চার উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে। এরপর অধিনায়ক অলোক কাপালী এবং হাসানুজ্জামান রোজেল পঞ্চম উইকেট জুটিতে ৩৪ রান করে সেই বিপর্যয় কিছুটা হলেও সামাল দেন। কাপালী ২৬ রান করে আব্দুর রাজ্জাকের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন।
এই জুটি ভাঙ্গার পর উইকেট রক্ষক শাহিনকে সাথে নিয়ে ৮৮ রানের একটি মুল্যবান পার্টনারশীপ গড়ে তোলেন হাসানুজ্জামান। আবারও এই জুটি ভাঙ্গেন রাজ্জাক। ৭০ রান করে এবার এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন হাসানুজ্জামান। এরপর আট নম্বর ব্যাটসম্যান মোশাররফ হোসেনের উইকেটটিও তুলে নেন রাজ্জাক।
দিনশেষে আলমগীর-শাহিন জুটি ৭৪ রান অবিচ্ছিন্ন থেকে যান। সবুজ দলের আব্দুর রাজ্জাক পাঁচটি, পেসার শাফাক আল জাবির ও সাকিব আল হাসান দু’টি করে উইকেট দখল করেন।
