বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস অব্যাহত রাখার পক্ষে হোয়াটমোর
লর্ডস টেস্টে ইংল্যাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের শোচনীয় পরাজয়ের পর আবারও বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই সরাসরি বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস বাদ দেয়ার কথা বললেও বাংলাদেশ দলের কোচ হোয়াটমোর অবশ্য বলছেন ভিন্ন কথা। হোয়াটমোরের মতে, টেস্ট স্ট্যাটাস থেকে বাংলাদেশকে বাদ দেয়া কোন সমস্যার সমাধান নয়। বরং টেস্ট ক্রিকেটে দেশটির উন্নয়নে সব ধরনের চেষ্টা অব্যাহত রাখা উচিত।
ইংল্যান্ডের কাছে ইনিংস এবং ২৬১ রানের বিশাল পরাজয়ের পর ইংল্যান্ডের মিডিয়াগুলো বাংলাদেশ দলের কড়া সমালোচনায় মুখর হয়।। মাইকলে আর্থারটন এবং রিচি বেনার্ড উভয়েই দাবি করেন, বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়া হোক। তবে হোয়াটমোর তাদের ওই মতকে সরাসরি প্রত্যাখ্যান করে বলেছেন, তাদের (বাংলাদেশ) আরও সময় দেয়া উচিত। টেস্ট স্ট্যাটাস বাতিল করে দিলে তারা তো সে সুযোগটা পাচ্ছে না। বাংলাদেশে অনেক মেধা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আজ হোক বা কাল হোক তারা নিজেদের অবস্থানকে সুদৃঢ় করবে তাতে কোনও সন্দেহ নেই।
বাংলাদেশের বড় পরাজয়ের পর ব্রিটিশ টেলিগ্রাফ পত্রিকা বাংলাদেশ দলের কড়া সমালোচনা করে। টেলিগ্রাফ পত্রিকায় লেখা হয়, লর্ডসের মাটিতে এমন ক্রিকেট বড়ই বেমানান। কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়া এভাবে হেরে যাওয়াটা লর্ডসের ইতিহাসে খুঁেজ পাওয়া ভার।
রিচি বেনার্ড তার কলামে লেখেন, বাংলাদেশ এবং জিম্বাবুয়ের অবস্থা পরিবর্তন না হওয়া পর্যন্ত তাদের কোন বড় দলের বিরুদ্ধে খেলা উচিত নয়। আপাতত তাদের বিভিন্ন দেশের এ দলের সাথে খেলা উচিত। তারা বিভিন্ন দেশে ছোটখাটো ট্যুর দিতে পারে এবং নিজেদের উন্নয়নের চেষ্টা করতে পারে।
এসব সমালোচানার ব্যাপারে হোয়াটমোর বলেন, এটা আমাদের প্রথম ইংল্যান্ড সফর এবং লর্ডসের মাটিতেও প্রথম টেস্ট। একটা সময় এ অবস্থার পরিবর্তন হবেই। বাংলাদেশকে আরও সময় দেয়া উচিত। তিনি বলেন,কোনমতেই তাদের টেস্ট স্ট্যাটাস বাতিল করা উচিত নয়।
