২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লর্ডস টেস্টের জন্য ১২ সদস্যের বাংলাদেশ দলের নাম ঘোষণা

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য বুধবার ১২ সদস্যের বাংলাদেশ ক্রিকেট দলের নাম ঘোষণা করা হয়েছে। গত কয়েক দিন ধরে যেমনটা ভাবা হচ্ছিল ঠিক তাই ঘটল, অর্থাৎ লর্ডস টেস্টে খেলার সুযোগ পাচ্ছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান ১৬ বছর বয়স্ক মুশফিকুর রহিম। তবে উইকেটের পেছনে নয়, স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে সামনেই খেলবেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

প্রস্তুতি ম্যাচে সাসেক্সের বিরুদ্ধে অর্ধশতক এবং নর্দাম্পটনশায়ারের বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুরিই রহিমের দলে ঢোকা অনেকটা নিশ্চিত করে দেয়। মুশফিক ছাড়া দলের আরেক নতুন মুখ পেসার শাহাদত হোসেন রাজিব। পুনরায় দলে ডাকা পেয়েছেন পেসার আনোয়ার হোসেন মনির। তবে দল থেকে বাদ পড়েছেন স্পিনার এনামুল হক জুনিয়র, পেসার তালহা জুবায়ের, তাপস বৈশ্য এবং ওপেনিং ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস।

এদিকে সাসেক্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাথায় আঘাত পাওয়া বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার সুস্থ হয়ে উঠেছেন। বাশার এখন লর্ডসে খেলার জন্য সম্পুর্ন প্রস্তুত।

বাংলাদেশ দল: জাভেদ ওমর, নাফিস ইকবাল, মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার (অধিনায়ক), রাজিন সালেহ, মুশফিকুর রহিম, খালেদ মাসুদ (উইকেটরক্ষক), মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, আনোয়ার হোসেন মনির, শাহাদত হোসেন রাজিব এবং আফতাব আহমেদ।