২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি কাপে নিজেদের শেষ ম্যাচে নিজমেহ’র কাছে হেরে গেল ব্রাদার্স

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুধবার লেবাননের নিজমেহ এফসি দলের বিরুদ্ধে দুই গোলে হেরে এবারের এএফসি কাপ ফুটবল অভিযান শেষ করল ব্রাদার্স ইউনিয়ন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

ম্যাচের দুই অর্ধেই গোল দু’টি করেন নিজমেহ’র স্ট্রাইকার মোহাম্মদ গাদার। আগেই দ্বিতীয় পর্ব নিশ্চিত করা নিজমেহ’র পয়েন্ট এখন চার ম্যাচে ১২। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন এবং তুর্কমেনিস্তানের নিসা এফসি।

আগের দিন সংবাদ সম্মেলনে নিজমেহ’র কোচ বলেছিলেন ম্যাচটার চাইতে ম্যাচের রেজাল্টই বেশি গ্ররুত্বপুর্ন। মাঠে নেমে সেটাই প্রমান করল লেবাননের দলটি। ম্যাচে আরেকটা ব্যাপার পরিষ্কার, সেটা হলো ব্রাদার্সের চাইতে নিজমেহ এফসিই শ্রেষ্ঠ।

ম্যাচ শেষে লেবাননের কোচ আল ইয়ামানীর সুরে সেই আগের কথাই অনুরনিত হলো-“ ব্রাদার্সের যেহেতু পরবর্তী রাউন্ডে খেলার কোন সম্ভবনা নেই তাই আমরা ম্যাচটিকে তেমন গুরুত্ব সহকারে নেইনি। আমাদের পরিকল্পনাই ছিল ধীরগতিতে শুরু করা।”

দু’দলের প্রথম সাক্ষাতে ১-৪ গোলে হেরে যাওয়া ব্রাদার্সের আজকের ম্যাচে পরাজয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত, কিন্তু সেটা সম্ভব হয়নি তাদের গোল রক্ষক তারেকের কল্যানে। পুরো দল নয় শুরু থেকে শেষ পর্যন্ত যেন তারেক একাই লড়াই চালিয়ে গেছেন।

বিশেষ করে মোহাম্মদ সুজন, জুয়েল রানা এবং মাসুদ রানার মত দেশ সেরাদের নিয়ে গঠিত ব্রাদার্সের রক্ষনভাগ নিজমেহ’র একের পর এক আক্রমনের ঢেউ সামলাতে সম্পুর্ন ব্যর্থ হয়েছে। সরাসরি বললে ডিফেন্সের দুর্বলতার কারনেই দুই গোল হজম করতে হয়েছে লিগ চ্যাম্পিয়ানদের।

ম্যাচের মধ্য বিরতির এক মিনিট আগে প্রথম গোল করেন গাদার। ব্রাদার্স ডিফেন্ডার মাসুদ রানাকে কাটিয়ে পেনাল্টি বক্সের মধ্য থেকে বাঁ পায়ের শটে তারেককে পরাস্ত করেন গাদার।

বিরতির পর ব্রাদার্স ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। এসময় কয়েকটি আক্রমনও তৈরী করেছিল গোপীবাগের দলটি। ৫৮ মিনিটে এমিলির একটি মাটি কামড়ানো শট নিজমেহ’র গোলরক্ষক ওয়াহিদেরৃ হাত ফসকে বেরিয়ে গেলেও দ্বিতীয় প্রচেষ্টায় গোল লাইন থেকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন। ছয় মিনিট পর সিরাজের কর্নার করা বলে পারভেজ বাবু মাথা ছোঁয়াতে সক্ষম হলেও বল তার নির্দিষ্ট ঠিকানা খুঁজে পায়নি। ৭৩ মিনিটে এমিলির আরেকটি হেড প্রতিপক্ষের সাইডবার ঘেঁষে বাইরে চলে গেলে ব্রাদার্সের ম্যাচে ফেরার শেষ সুযোগটিও হাতছাড়া হয়ে যায়।

ম্যাচের শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে গাদার ব্রাদার্স গোল রক্ষক তারেক এবং মিডফিল্ডার প্রাণতোষকে কাটিয়ে দলের পক্ষে শেষ গোলটি করেন।