দ্বিতীয় ট্রয়াল ম্যাচেও বিসিবি লাল দলের জয়
বাংলাদেশ এ দলের নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে আয়োজিত দ্বিতীয় ট্রায়াল ম্যাচেও মঙ্গলবার সবুজ দলকে হারিয়েছে লাল দল।
বিকেএসপির টার্ফে অনুষ্ঠিত লো স্কোরিং ম্যাচে লাল দল ৩১ রানে হারায় সবুজ দলকে। প্রথমে ব্যাট করে লাল দল ৪৫ ওভারে নয় উইকেট হারিয়ে ১২১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন হাসানুজ্জামান রোজেল। এছাড়া ধীমান ঘোষ ১৬ ও নাসিরুদ্দিন ১৪ রান করেন। সবুজ দলের শাহাজাদা, আব্দুর রাজ্জাক এবং মুশফিকুর রহমান দু’টি করে উইকেট লাভ করেন।
জবাবে সবুজ দল মাঞ্জারুল ইসলাম রানা, ফরহাদ রেজা ও গাজী আলমগীরের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ৩৪ দশমিক ৪ ওভারে মাত্র ৯০ রানে অল আউট হয়ে যায়। রানা তিনটি, ফরহাদ ও আলমগীর দু’টি করে উইকেট দখল করেন।
সবুজ দলের তুষার ইসরান সর্বোচ্চ ২১ রান করেন। তারেক আজিজ করেন ১৫ রান। সবুজ দলের সাতজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা পেরোতে ব্যর্থ হন।
আজ (মঙ্গলবার) থেকে তিনদিনের ম্যাচ হওয়ার কথা থাকলেও বিকেএসপির মাঠ খেলার অনুপযুক্ত থাকায় ম্যাচটি বাতিল করা হয়। বুধবার তৃতীয় একদিনের ম্যাচ এবং ৩০ মে থেকে তিনদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।
