২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেরিনারের ঘরে মহিলা হ্যান্ডবলের শিরোপা

আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে তিববত মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপের শিরোপা ঘরে তুলেছে ঢাকা মেরিনার ইয়ং’স ক্লাব। মঙ্গলবার হ্যান্ডবল মাঠে সুপার থ্রির শেষ ম্যাচে মেরিনার ২৭-১৫ গোলে আরামবাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

দুই ম্যাচে মেরিনারের সংগ্রহ চার পয়েন্ট। দুই পয়েন্ট নিয়ে রানার আপ হয় ঊষা ক্রীড়া চক্র।

শেষ ম্যাচে মেরিনারের ডালিয়া এবং শাহিদা সাতটি করে, হ্যাপি চারটি ও হীরা তিনটি গোল করেন। মেরিনার শিরোপা জিতলেও পাঁচ গোল করে ম্যাচ সেরার পুরষ্কার লাভ করেন আরামবাগের ময়না। এছাড়া শিউলী সাত গোল করেন।

প্রতিযোগিতার সেরা খেলোয়াড় এবং সেরা গোল রক্ষকের পুরষ্কার লাভ করেন যথাক্রমে ঊষা ক্রীড়া চক্রের বুলু এবং মেরিনারের শিখা।

খেলা শেষে শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পনসর কোহিনুর কেমিক্যাল কোম্পানী লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এমএ খায়ের।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী মাহতাবউদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, লিগ কমিটির সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ।