এএফসি কাপে বুধবার মুখোমুখি হচ্ছে ব্রাদার্স-নিজমেহ
এএফসি কাপে সি গ্রুপের শেষ ম্যাচে বুধবার মাঠে নামছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন এবং লেবাননের নিজমেহ এফসি ক্লাব। ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল চারটায় অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ব্রাদার্স কোচ ওয়াজেদ গাজী ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমাদের ফুটবলাররা সবাই সুস্থ আছে। সুতরাং আমরা আমাদের সেরা খেলা খেলতে চেষ্টা করব এবং আশা করছি সম্মানজনক একটা ফলাফল করতে পারব।
প্রবীণ এই কোচ বলেন, লেবাননে আমরা নিজমেহ’র সাথে প্রথম লড়াইয়ে ৪-১ গোলে হারলেও অমাদের টিমওয়ার্ক খুবই ভালো। আগের ম্যাচের প্রথম পাঁচ মিনিটেই দুই গোল হজম করায় পরবর্তীতে আমরা আর খেলায় ফিরতে পারিনি।
ব্রাদার্স ম্যানেজার আমের খান বলেন, নিজমেহ’র বিরুদ্ধে ভালো রেজাল্ট প্রিমিয়ার লিগের আগে খেলোয়াড়দের মনোবল বাড়াতে সহায়তা করবে।
এক প্রশ্নের জবাবে আমের খান বলেন, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে আমরা যেহেতু পরবর্তী এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করেছি সেহেতু ভালো রেজাল্টের জন্য আমরা এই দলটিই ধরে রাখতে চেষ্টা করব।
এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নিজমেহ ক্লাব ইতিমধ্যে এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে। প্রথম পর্বে অপরাজিত নিজমেহ’র পয়েন্ট নয়, অন্যদিকে দুই পয়েন্ট নিয়ে যৌথভাবে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তুর্কমেনিস্তানের নিসা এফসি এবং ব্রাদার্স ইউনিয়ন।
নিজমেহ এফসি’র কোচ ফাদি আহমেদ আল ইয়ামানীর কাছে ম্যাচটির গুরুত্ব অন্যরকম। তার মতে ম্যাচটি গ্রুপে দলগুলোর অবস্থানে কোন পরিবর্তন আনবে না তারপরও তার খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা রাখার জন্য ম্যাচের ফলাফল একটা গুরুত্বপূর্ন ব্যাপার।
ফিলিস্তিনে জন্মগ্রহনকারী লেবাননের কোচ বলেন, ঘরোয় লিগে আমরা কয়েকটি ম্যাচে হেরে কিছুটা খারাপ অবস্থায় ছিলাম। সুতরাং দলকে জয়ের ধারায় ফিরিয়ে আনা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল, আমরা কোন প্রতিপক্ষকেই হালকাভাবে দেখিনা।
প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন সম্পর্কে ইয়ামানী বলেন, ব্রাদার্স ভালো দল, কিন্তু প্রথম ম্যাচে অল্প সময়ের মধ্যে দুই গোল হজম করে তারা পিছিয়ে পড়ে। আর প্রথমই দুই গোলে পিছিয়ে পড়া যেকোন দলের জনই একটা মানসিক চাপ।
ঘরোয়া লিগে ছয়বারের চ্যাম্পিয়ন নিজমেহ এফসি গত বছর এএফসি কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়। জাতীয় দলের চারজন এবং ঘানার দুই ফুটবলার নিয়ে বেশ শক্তিশালী দল নিজমেহ।
তবে জাতীয় দলের চার খেলোয়াড় সম্পর্কে ইয়ামনী বলেন, ৪৫ দিনে ১৪টি ম্যাচ খেলে খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়েছে। তাছাড়া কিছুদিন পর ঘরোয়া লিগে কয়েকটি গুরুত্বপূর্ন ম্যাচও রয়েছে এইসব চিন্তাভাবনা করেই চার খেলোয়াড়কে আমরা দলে রাখিনি।
ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন এর আগে নিসা এফসি দলের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে।
পাঁচটি গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা তিনটি রানার আপ দল এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে।
