২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএসপিতে প্রথম ট্রায়াল ম্যাচে বিসিবি লাল দলের জয়

মাঞ্জারুল ইসলাম রানার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে সোমবার বিকেএসপিতে বাংলাদেশ এ দলের প্রথম ট্রায়াল ম্যাচে বিসিবি লাল দল ৩৮ রানে হারিয়েছে সবুজ দলকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

প্রথমে ব্যাট করে লাল দল ৪২ দশমিক ৪ ওভারে ১৫৫ রান করে। মাঞ্জারুল ইসলাম রানা ২৩ রান করেন। এছাড়া ওপেনার নাসিরুদ্দিনের ব্যাট থেকে আসে ২১ রান। মজার ব্যাপার হলো দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান আসে অতিরিক্ত থেকে। লাল দলের ছয় ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা পেরোতে ব্যর্থ হন। সবুজ দলের শাহাজাদা তিনটি, আব্দুর রাজ্জাক ও নাবিল সামাদ দু’টি করে উইকেট লাভ করেন।

জবাবে, সবুজ দল ২৮ ওভারে ১১৭ রানে অল আউট হয়ে যায়। ব্যাটিংয়ের পর বল হাতেও সফল রানা। রানা এবং গাজী আলমগীর সবুজ দলের সাতটি উইকেট ভাগাভাগি করে নেন। সবুজ দলের পক্ষে আব্দুর রাজ্জাক ২৪ এবং নিজামুদ্দিন ১৯ রান করেন। সবুজ দলের নয় ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা পেরোতে ব্যর্থ হন। তাদের তিনজন ব্যাটসম্যান শুন্যরানে আউট হন। সবুজ দলের ইনংসেও সর্বোচ্চ ৪৬ রান আসে অতিরিক্ত থেকে।

মাঞ্জারুল ইসলাম রানা চারটি এবং রাজ্জাক তিনটি উইকেট লাভ করেন। মঙ্গলবার থেকে তিনদিনের ম্যাচে মুখোমুখি হবে দল দু’টি।