হোসেনের বোলিং বেকায়দায় ফেলেছে নর্দাম্পটনশায়ারকে
হোভে সফরকারী বাংলাদেশ দল ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নর্দাম্পটনশায়ারের বিরুদ্ধে তৃতীয় প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংস ভালোভাবে শুরু করেছে। বাংলাদেশী বোলাররা ১৪৯ রানে পাঁচটি উইকেট তুলে নেয়ার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।
নর্দাম্পটনশায়ারের বিরুদ্ধে এ ম্যাচের পর বাংলাদেল দল অবতীর্ণ হবে মূল অগ্নি-পরীক্ষায়। ২৬ মে শুরু হবে ইংল্যান্ড দলের বিরুদ্ধে বাংলাদেশের ক্রিকেট মিশন।
বাংলাদেশী ফাস্ট বোলার আনোয়ার হোসেন মনির হচ্ছেন প্রথম দিনের সেরা বোলার। নর্দাম্পটনশায়ারের পাঁচটি উইকেটের তিনটিই ছিনিয়ে নেন, খরচ করেন মাত্র ৬৭ রান। তার বোলিং আক্রমণে ধরাশায়ী হন টম হিউজেন্স, টিম রবাট এবং রিকি ওয়েসেল।
নর্দাম্পটনশায়ারের ওপেনার বেলাল শাফায়েত দলের পক্ষে প্রথম দিনে সর্বোচ্চ ৭৬ রান করেন।
বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার এ ম্যাচে অংশ নেননি। দলপতির ভূমিকা পালন করেন উইকেট রক্ষক খালেদ মাসুদ এবং সহঅধিনায়ক মুশফিকুর রহমান।
নর্দাম্পটনশায়ার তাদের মূল দলের কোনও সদস্যকে এ ম্যাচে খেলায়নি। খেলা প্রায় ৭৫ মিনিট পরে শুরু হয়। কিন্তু নর্দাম্পশায়ারের উইকেটের পতন ঘটতে থাকে ধারাবাহিকভাবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
হোসেন খেলার শুরুতেই ফিরিয়ে দেন হিউজেন্সকে। নতুন বল হাতে এরপর জ্বলে উঠেন তাপস বৈশ্য। তিনি রব হোয়াইটকে বাধ্য করেন মোহাম্মদ রফিকের হাতে ক্যাচ তুলে দিতে।
চতুর্থ উইকেট জুটিতে শাফায়েত এবং ওয়েসেল ৪৯ রানের পাটনারশিপ গড়ে তোলেন। ৯৩ রানের মাথায় নর্দাম্পটনশায়ার শিবিরে আবার আঘাত হানেন হোসেন। তার শিকারে পরিণত হন রবাট।
শাফায়েতকে আউট করেন বামহাতী স্পিনার এনামুল হক জুনিয়র।
৩৫তম ওভারে বৃষ্টির কারণে আম্পায়ার খেলা চালিয়ে যেতে অপারগতা প্রকাশ করে।
বাংলাদেশের কোচ ডেভ হোয়াটমোর বলেন, “সাসেক্সের বিরুদ্ধে ম্যাচটা খুব কঠিন ছিল এবং দলের সকলে নেতিবাচক খেলা খেলেছে। ছেলেরা ইংল্যান্ডে এসে বৈরী আবহাওয়ার সাথে মানিয়ে নিতে কিছুটা সময় নিয়েছে।”
