২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কোচ মিকি আর্থার

মিকি আর্থারকে দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট দলের কোচ নিয়োগ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল এবং ওয়ারিয়র ক্লাবের সাবেক কোচ মিকি আর্থার বলেন, তিনি চান প্রোটিয়াস দলকে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে যেতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 12:30 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

ইউনাইটেড ক্রিকেট বোর্ড অফ সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী গেরাল্ড ম্যাজোলা বলেন, “বিভিন্ন সুপারিশ বাছাইয়ের পর মিকিকে কোচের পদে নিয়ুক্ত করা হয়েছে এবং আমরা তা সমর্থন করেছি। আমি এখন আপনাদের সামনে আমাদের নতুন কোচ মিকি আর্থারকে পরিচয় করিয়ে দিতে চাই।”

৩৭ বছর বয়সী আর্থার ক্রিকেট অঙ্গনে সকলের কাছে ‘মাইটি মিকি’ নামে পরিচিত। ২০০৩ সালে তার কোচিংয়ের কারণেই দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল সেরা পারফরমেন্স দেখায়। তিনি পূর্ব লন্ডনের ক্লাব ওয়ারিয়রস ফ্রানচিজকে প্রথমবারের মতো প্রো-২০ সিরিজের ফাইনালে নিয়ে যান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আর্থার এক প্রেস বিজ্ঞতিতে বলেন, “এটা আসলে অবিশ্বাস্য সম্মান এবং পদ মর্যাদা। আমি মনে করি, দলের যে কোন মুহূর্তে আমি বেশি সহযোগিতা করতে পারবো।”

“আমি এখানে এসেছি দলের সকল খেলোয়ারকে একই প্লাটফর্মে নিয়ে আসার জন্য এবং খেলোয়ারদের খেলার পরিবেশ সৃষ্টির জন্য।”

বর্তমানে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে ক্রিকেটে চতুর্থ এবং টেস্ট ক্রিকেট ষষ্ঠ স্থানে আছে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ দলকে ওয়ান ডে সিরিজে ৫-০ ব্যবধান এবং টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত করেন।

দক্ষিণ আফ্রিকা এরপর সফর করবে অস্ট্রেলিয়া। এখন দেখার বিষয়, ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় তরুন এই কোচ দলকে কি পর্যায়ে নিয়ে যেতে পারেন।

আর্থার এএফপিকে বলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা আসলে বড় এক চ্যালেঞ্জ। আমি মনে করি, অস্ট্রেলিয়া সফর শেষে আমরা বুঝতে পারবো, ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে আমরা কোন পর্যায়ে আছি।’